নয় দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিঃশব্দ থামাও, থামাও এই মর্মঘাতী করুণ বিনাশ’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নয় দিনব্যাপী নাট্যোৎসব। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটরিয়াম) এ উৎসবের আয়োজন করেছে।

ক্যাম্পাসের অমর একুশের পাদদেশে সকাল ১০টায় জাতীয় পতাকা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ। এরপর নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পোস্টার প্রদর্শনী হয়।

উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার মঞ্চস্থ হবে বটতলা থিয়েটার প্রযোজিত শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাটক ক্রাচের কর্নেল। আগামীকাল রোববার মহাকাল নাট্য সম্প্রদায়ের শিখণ্ডী কথা, পরদিন সোমবার জাহাঙ্গীরনগর থিয়েটারের হাত হদাই নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া মঙ্গলবার প্রাঙ্গণে মোর থিয়েটার প্রযোজিত কনডেমড সেল, বুধবার থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল ও বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর থিয়েটারের ট্রেন টু পাকিস্তান নাটক মঞ্চস্থ হবে।

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী। উৎসবের সমাপনী দিন আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাত সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় অনুষ্ঠিত হবে মধ্যরাতের কবিতা ও গান।