নয় দিনেও উদ্ধার হয়নি মোটরসাইকেল ক্যামেরা, মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস হত্যার নয় দিনেও প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি। সেই সঙ্গে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, ক্যামেরা ও মুঠোফোনটিও উদ্ধার হয়নি।
এদিকে গ্রেপ্তার হওয়া ছয় আসামির মধ্যে পাঁচজন গত ৩০ ডিসেম্বর থেকে ১০ দিনের রিমান্ডে রয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছয়জনের মধ্যে রেলওয়ে স্টেশন এলাকার মজনু (৩০) নামের এক আসামিকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জের রোকসানা বেগম (৪৮) ও তাঁর স্বামী সোবরাত হোসেনসহ (৫৫) পাঁচজনকে রিমান্ডে নেওয়ার কথা বলা হলেও বাকি তিনজনের নাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
এদিকে মসিউর হত্যার পর রংপুরের সাংবাদিকেরা একজোট হয়ে গঠন করেছেন ‘সম্মিলিত সাংবাদিক সমাজ’। এই সংগঠনের আহ্বায়ক আলী আশরাফ অবিলম্বে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
হত্যাকাণ্ডের পর রংপুরে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন, সমাবেশ করে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে সাংবাদিকেরা দাবি জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, রিমান্ডে থাকা রোকসানাকে নিহত সাংবাদিক খালা বলে ডাকতেন। মারা যাওয়ার আগের রাতে তিনি রোকসানার বাসায় ভাত খেয়েছেন এবং রাত সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত রোকসানার বৈরাগীগঞ্জের বাড়ির সামনের মাঠে ব্যাডমিন্টনও খেলেছেন। মাদক ব্যবসায়ীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘আমরা আশা করছি সাংবাদিক হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। তবে সুষ্ঠু তদন্তের জন্য সময় লাগছে।’
২৪ ডিসেম্বর সকালে যুগের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মসিউর রহমানকে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এর আগের দিন অফিসে কাজ করতে গিয়ে দাওয়াতে যাওয়ার কথা বলে এক ঘণ্টার জন্য অফিস থেকে বের হন মসিউর। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরদিন সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে শেখপাড়া এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির কথা উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।