নয় দিনেও গ্রেপ্তার হননি মামলার অভিযুক্ত আফজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার নয় দিন পরও পুলিশ অন্যতম অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, দিনাজপুর শহর থেকে ২৪ অক্টোবর সাইফুল ইসলাম (৪২) নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আরেক অভিযুক্ত আফজাল হোসেন পালিয়ে গেছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৮ অক্টোবর দিনাজপুরের বাড়ি থেকে পাঁচ বছর বয়সী ওই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০ অক্টোবর শিশুটিকে ধর্ষণের ঘটনায় তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮) নামের দুজনের বিরুদ্ধে মামলা করেন।

শিশুটির অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক গতকাল প্রথম আলোকে বলেন,  শিশুটি বেশ ভালো আছে। আগে আমাদের দেখে তার যে আতঙ্ক ছিল, তা-ও অনেকটা কমে এসেছে। তার জনন অঙ্গের ক্ষতস্থানের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত নেই। শিশুটির জ্বরও আসেনি।

অধ্যাপক আশরাফ-উল-হক বলেন, আগামী বৃহস্পতিবার শিশুটির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত নয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সদস্যরা বসবেন। তখন শিশুটির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।