নয় দিনেও গ্রেপ্তার হয়নি মূল হামলাকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মুদি দোকানি চিত্তরঞ্জন আর্য্যকে কুপিয়ে আহত করার ঘটনায় হওয়া মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নয় দিনেও মূল হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তিরা হলেন কবিরাজপুর এলাকার ফিরোজ মিয়া (৪৫), চরমাধবদী এলাকার নূর মোহাম্মদ (২৩) ও পৌল্লানপুর এলাকার মো. শাহান উল্লাহ (৩০)। এর মধ্যে নূর মোহাম্মদ পাঁচদোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। শাহান উল্লাহ মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির। এজাহারনামীয় প্রধান আসামি ফিরোজ মিয়া একটি কারখানার কাভার্ড ভ্যানের চালক। গত ২৩ আগস্ট রাত আটটার দিকে নরসিংদীর মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন রঘুনাথপুর গ্রামের মুদি দোকানি চিত্তরঞ্জনকে (৫৭) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত। এর প্রায় ২৪ ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) ঘটনার দায় স্বীকার করে। মাথা, ঘাড়, গলা, পেট ও কবজিতে জখম নিয়ে চিত্তরঞ্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসা নিয়ে গত শুক্রবার রাতে বাড়ি ফেরেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিত্তরঞ্জন মাধবদী থানায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় তিনি চার সন্দেহভাজনের নাম উল্লেখ করেন।
চিত্তরঞ্জনের পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার দিন রাতেই সন্দেহভাজন হিসেবে মামলার এজাহারভুক্ত আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ২৫ আগস্ট গভীর রাতে চরমাধবদী ও পৌল্লানপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের নেতা নূর মোহাম্মদ ও জামায়াত নেতা শাহান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও মূল হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল বুধবার বিকেলে চিত্তরঞ্জনের ভাতিজা কাজল আর্য্য বলেন, ‘আমার চাচার (চিত্তরঞ্জন) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গত শুক্রবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে চাচা আমাদের এক নিকটাত্মীয় চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নিচ্ছেন। কিন্তু পুলিশ হামলাকারীদের কাউকে ধরতে পারছে না।’
মামলার তদন্ত কর্মকর্তা ও মাধবদী থানার উপপরিদর্শক মো. তানভীর আহাম্মদ বলেন, মামলার দৃশ্যত কোনো অগ্রগতি না দেখা গেলেও দু-এক দিনের মধ্যে ভালো কিছু হবে আশা করছি।’