নয় দিনেও বলার মতো অগ্রগতি নেই তদন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার নয় দিন পরও তদন্তে বলার মতো কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন দুর্বৃত্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। উদ্ধার করা যায়নি হত্যাকাণ্ডের পর খোয়া যাওয়া মাহমুদা বেগমের মুঠোফোনও।
চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে এই হত্যা মামলার তদন্ত নিয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং করা হলেও গতকাল সোমবার থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গণমাধ্যমকে জানানোর মতো কোনো তথ্য পাওয়া গেলে অবশ্যই আবার ব্রিফিং করা হবে।
এক প্রশ্নের জবাবে দেবদাস ভট্টাচার্য বলেন, মোটরসাইকেলের আরোহী তিনজনের পেছনে ঘটনার পরপরই যাওয়া কালো রঙের সেই মাইক্রোবাসটিকে চালকসহ আটক করা হলেও গত রোববার চালককে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে চালকের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে।
গত বুধবার এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে হাটহাজারীর ফরহাদাবাদ থেকে আবু নছর নামের এক ব্যক্তিকে এবং গত শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে শাহজামান নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুজনকে সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান তদন্তের অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তদন্তকাজে সহায়তা দেবে। গতকাল সকালে কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এ নিয়ে কমিটির কেউ কথা বলতে রাজি হননি।
তদন্তকাজে যুক্ত পুলিশের একজন কর্মকর্তা বলেন, কক্সবাজারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বে পালনকালে বাবুল আক্তার ইয়াবা পাচার রোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে গত ২৫ জানুয়ারি রাতে রিয়াজউদ্দিন বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে সিন্দুক থেকে ২৫০টি সোনার বার এবং নগদ ৬০ লাখ টাকা উদ্ধার করেন। মাহমুদা হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা ছাড়াও অন্য কোনো গোষ্ঠী জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে।