নয় দিনেও শনাক্ত হয়নি খুনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যায় জড়িতদের কাউকে নয় দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। মিরাজ হত্যা মামলাটি খিলক্ষেত থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) ছায়া তদন্ত করছে। ডিবি সূত্র জানায়, ইতিমধ্যে কয়েকজন নারী-পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কেও স্পষ্ট ধারণা পাননি তদন্তকারীরা।মামলার তদারক কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির গতকাল রোববার প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মিরাজ ওই দিন সকালে পল্লবীর আরিফাবাদের বাসা থেকে বেরিয়ে খুন হওয়ার আগ পর্যন্ত কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে ছিলেন, কী খেয়েছেন—এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে উপকমিশনার এও বলেছেন, হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে পুলিশকে এত বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, এ কারণে নিরবচ্ছিন্ন তদন্ত করার সুযোগ পাচ্ছে না পুলিশ।৮ মার্চ দিবাগত রাত একটা পাঁচ মিনিটে নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। এর তিন দিন পর ১২ মার্চ সকালে মিরাজের ভাই আহমেদ ইমতিয়াজ বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেন। আহমেদ ইমতিয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তকারীরা প্রায় প্রতিদিনই তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁরাও পুলিশকে সহযোগিতা করছেন। তিনি বলেন, তাঁরা চান মিরাজ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও খুনিরা চিহ্নিত হোক। এ জন্য তদন্তে সময় লাগলেও তাঁদের আপত্তি নেই।