সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ২০ কিলোমিটার দূরে ডুবে যাওয়া কয়লাবাহী জাহাজটি উদ্ধারের কাজ নয় দিনেও শুরু হয়নি। জাহাজটির মালিক জানিয়েছেন, তাঁরা একটি উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেছেন। আগামী সপ্তাহ নাগাদ উদ্ধারকাজ শুরু হতে পারে।
প্রায় ১ হাজার টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার পথে ১৩ জানুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি আইচগাতি নামের লাইটার জাহাজটি। এরপর বন্দর কর্তৃপক্ষ ও জাহাজের মালিকপক্ষ বলেছিল, যত দ্রুত সম্ভব তারা জাহাজটি উদ্ধারে ব্যবস্থা নেবে।
জাহাজটির মালিক কাজী ফারুক গতকাল রোববার বলেন, জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের চেষ্টা করা হচ্ছে। গত শনিবার চট্টগ্রামের একটি উদ্ধারকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তারা উদ্ধারকাজ শুরু করবে বলে তিনি আশা করছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালীউল্লাহ বলেন, ‘আগামী ৩০ জানুয়ারির মধ্যে জাহাজ উত্তোলনের ব্যবস্থা গ্রহণ না করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’