নয় দিনের মাথায় রংপুরে জাপার কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির (জাপা) কমিটি আবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দলের নেতা-কর্মীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। নগরের সাধারণ মানুষের মধ্যেও নানা গুঞ্জন চলছে।

১৫ ডিসেম্বর মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বাধীন জেলা ও মহানগর জাতীয় পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ কথা জানানো হয়েছিল। নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় যথাক্রমে করিম উদ্দিন ভরসা ও মোস্তাফিজার রহমানকে। মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় যথাক্রমে এ কে এম আবদুর রউফ মানিক ও এস এস ইয়াসিরকে।

নতুন কমিটি ঘোষণার নয় দিনের মাথায় গত মঙ্গলবার সেই কমিটিও বাতিল করে আগের কমিটি বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে রংপুর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাবেক সহসভাপতি সৈয়দ নূর আহমেদ ওরফে টুলু বলেন, দল নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে দলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এরশাদের ভক্ত আফজালুর রহমান নামের এক রিকশাচালক বলেন, ‘এমন রাজনীতি দেখিয়া কাকো আর বিশ্বাস করা যায় না। সেই জন্যে হামরাগুলা আর মিছিল-মিটিংওত যাই না।’

১৫ ডিসেম্বর ঘোষিত জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন কমিটির সমন্বয়কারী এরশাদের ভাতিজা রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। বড় আব্বা (এরশাদ) আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেন। আশা করছি নতুন কমিটিই বহাল থাকবে।’

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বলেন, বিলুপ্ত ঘোষিত কমিটি আবার বহাল করার সিদ্ধান্তে জাতীয় পার্টিতে প্রাণ ফিরে এসেছে। এ কমিটি গত সেপ্টেম্বর মাসে সমেঞ্চলনের মাধ্যমে গঠন করা হয়।

প্রসঙ্গত, কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা হওয়ার পর জাতীয় পার্টির বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই এরশাদের বন্দীদশা থেকে মুক্তির দাবিতে ১৭ ডিসেম্বর থেকে রংপুরে ৪০ ঘণ্টার হরতাল পালন করেছে।