শেরপুর জেলা শহরের তেরাবাজার ও নকলা উপজেলার চায়না মোড় এলাকায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকান ও তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে শেরপুর শহরের তেরাবাজার এলাকায় মো. মোস্তফার তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মোস্তফা, আশরাফ ও স্বাগতম শীলের তিনটি দোকান ও তিনটি বাড়ি ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। গতকাল বেলা একটার দিকে নকলার পাঠাকাটা চায়না মোড় এলাকার ব্যবসায়ী রেজোয়ানের জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে রেজোয়ান, খোরশেদ আলম, ইসমাইল হোসেন, আল আমিন, রফিকুল ইসলাম ও মৃণাল চন্দ্র মোদকের ছয়টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগুনে ছয়টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে।