নয় নদীর বুকে বোরো চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের নয়টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ১৩টি নদ-নদীতে এখন পানি নেই। শুকিয়ে যাওয়া নয়টি শাখানদীর বুকজুড়ে বোরোসহ নানা ফসলের আবাদ হচ্ছে।জেলায় যমুনা, করতোয়া, বড়াল ও ইছামতী—বড় এই চার নদী ছাড়াও রয়েছে হুড়া সাগর, ফুলজোড়, গুমানি, ভদ্রবতী, দেশানি, সরস্বতী, গোহালা, বাঙ্গালী ও মুক্তাহার নামের শাখানদী।নদী নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রিসার্স অ্যান্ড স্টাডি সেলের চেয়ারম্যান শফি উদ্দীন সরকার বলেন, যমুনা নদীর পশ্চিম তীরের স্থায়ী বাঁধ নির্মাণ করার সময় সিরাজগঞ্জ থেকে তিস্তা নদীর মুখ পর্যন্ত আটটি নদীর উৎসমুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে অভ্যন্তরীণ নদীগুলোয় শুধু বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানির প্রবাহ নেই।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জনস্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছ, যমুনা নদী ছাড়া করতোয়া, হুড়া সাগর, ইছামতী, ফুলজোড়সহ আটটি নদীই বছরের অর্ধেক সময় শুষ্ক থাকছে। যমুনার বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর। আগে সারা বছর জেলেরা মাছ ধরতেন। এখন তাঁরা বছরের অর্ধেক সময় নদীতে জাল ফেলতে পারেন।কাজীপুর উপজেলার তারাকান্দি গ্রামের জেলে স্বপন চন্দ্র হালদার, সুরেন ও বিমল হালদার বলেন, ‘মাছ ধরেই আমরা বেঁচে আছি। শীত শুরু হলে যমুনায় পানি কমে অসংখ্য চর জাগতে থাকে। পানি কমার সঙ্গে সঙ্গে মাছের অনেক প্রজাতিও হারিয়ে যায়। ওই সময়টুকু বেঁচে থাকতে এনজিওর কাছ থেকে ঋণ নিতে হয়।’চলনবিল রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আবদুল জলিল জানান, প্রায় ৫০ বছর আগে চলনবিলসহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সব নদীতে পানির প্রবাহ ছিল; শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি মজুদ থাকত। নদীর মিঠা পানিতে মাছের আবাদের পাশাপাশি পলিমিশ্রত পানি স্বল্প খরচে তুলে সেচকাজে ব্যবহার করা হতো। চলনবিলে এখন নদী বলতে কিছু নেই।সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, যমুনার পশ্চিম তীরে শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত ২২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের কারণে সিরাজগঞ্জের আওতাধীন যমুনা নদী থেকে উৎপন্ন ইছামতী ও হুড়া সাগর—এ দুই শাখানদীর মুখ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে খনন না করায় এবং বিভিন্ন সময় বাঁধ ভেঙে বালু পড়ে নদীগুলো ভরাট হয়ে গেছে।