নয় প্রকল্পে দুর্নীতি, আরও তদন্তের আদেশ
নড়াইলের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নয়টি প্রকল্পের প্রায় সোয়া ছয় লাখ টাকার বেশির ভাগই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও আবার তদন্তের আদেশ দেওয়া হয়েছে।জানা গেছে, এলজিএসপির আওতায় গেল অর্থবছরে এ ইউনিয়নে নয়টি প্রকল্পে মোট ছয় লাখ ২০ হাজার ৩৯৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে: ইউনিয়ন পরিষদ ভবন সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবনের আসবাবপত্র ও কম্পিউটার-সামগ্রী ক্রয়, তালতলা মূলদাইড় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, সড়াতলা আইটকান্দা জামে মসজিদের মাঠে মাটি ভরাট, তালতলা মূলদাইড় বালিকা বিদ্যালয় মাঠে মাটি ভরাট, মূলদাইড় গ্রামে খালের ওপর বাঁশের পাটাতন দিয়ে সাঁকো নির্মাণ, তালতলা উত্তরপাড়া জামে মসজিদ সংস্কার, চৌগাছা ঈদগাহ সংস্কার এবং সীমাখালী অলির বাড়িসংলগ্নসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ২০টি পাইপ-কালভার্ট স্থাপন।প্রকল্পগুলোর সিংহভাগ অর্থই আত্মসাৎ করা হয়েছে বলে এলাকাবাসী ট্যাগ অফিসারের কাছে অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে ট্যাগ অফিসার ছয় সদস্যের কমিটি গঠন করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মূলদাইড় গ্রামে খালের ওপর বাঁশের পাটাতন দিয়ে সাঁকো নির্মাণের জন্য ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও তিনটি বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। গ্রামের পারভীন সুলতানা বলেন, সাঁকোর ওপরে উঠলে এদিক-ওদিক নড়ে। ছেলেমেয়েরা হাঁটাচলা করতে পারে না।তালতলা মূলদাইড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীম ফকির বলেন, ‘সাবেক ইউপি সদস্য খন্দকার আবুল বাশার বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমাকে মাত্র ১০ হাজার টাকা দিয়েছেন। শুনেছি, এ জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ আছে।’ আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীসহ আমার পরিষদের পাঁচজন সদস্যকে নিয়ে ঘটনা তদন্ত করে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া গেছে।’জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহামুদুল আলা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ৯ আগস্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেছি।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী বলেন, ‘নতুন কর্মস্থলে যোগদানের আগেই এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। তবে আমার কাছে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তা অসম্পূর্ণ। প্রতিবেদনে প্রকল্পের নাম উল্লেখসহ কাউকে দায়ী করা হয়নি। ফলে সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আবার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’