নয় প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। গতকাল বৃহস্পতিবার রাতে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়া আগামী রোবাবার তাঁদের বিরুদ্ধে মামলা করবেন বলে দুদক সূত্র জানিয়েছে।সূত্র জানায়, সিরাজগঞ্জের নলকা-হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ২৪ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্রকল্পের চার থেকে ২৯ কিলোমিটার পর্যন্ত সড়কে ১৩ কোটি ৯০ লাখ এবং ২৯ থেকে ৪৩ কিলোমিটার পর্যন্ত ১১ কোটি পাঁচ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। সওজের অতিরিক্ত প্রধান পরিচালক ও ওই প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত আরেক প্রধান পরিচালক (বর্তমানে খুলনায় কর্মরত) এ এস এম শফিউল ইসলাম ও আবাসিক প্রকৌশলী নাজমুল হক খানসহ সওজের নয় প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।