নয় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেটের গ্রিন রোড এলাকায় নয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বেগ এই অভিযান পরিচালনা করেন। এ সময় দেয়াললিখন ও পোস্টার লাগানো আইন অনুযায়ী ছয়টি প্রতিষ্ঠানকে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমতি ছাড়া দেয়াললিখন ও পোস্টার লাগানোর অপরাধে ফার্মগেটের ইউসিসি কোচিং সেন্টারকে ৩০ হাজার, উদ্ভাস কোচিং সেন্টারকে ৪০ হাজার, বিজয় ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারকে ১০ হাজার, কোয়ালিটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারকে ৫০ হাজার, স্কলার কোচিং সেন্টারকে ৫০ হাজার, গ্লোবাল কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রি প্রভৃতি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চায়নিজ ভিউ প্লাজাকে ৩০ হাজার, বেবী হোটেলকে ২০ হাজার এবং কাকুর কিচেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম এ রাজ্জাক, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা আবদুল খালেক মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।