নয় বখাটে ও মাদকসেবীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত রংপুর ও ফরিদপুরে যৌন হয়রানি এবং বগুড়ার শেরপুর ও শিবগঞ্জে মাদক রাখা ও সেবনের দায়ে নয় যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সৈয়দ জায়েত রহমান কালেক্টরেট স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। গত শনিবার জায়েত মেয়েটির নামে কিছু অশ্লীল পোস্টার দেয়ালেসেঁটে দেয়। এ ব্যাপারে মেয়েটির চাচা কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ গতকাল জায়েতকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক আলীয়া ফেরদৌস জাহান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। সৈয়দ জায়েত রহমান শহরের গুপ্তপাড়ার নবু মিয়ার ছেলে। ফরিদপুর: আদালতের বিচারক ও মধুখালীর ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান জানান, মধুখালীর সরকারি আয়েনউদ্দীন কলেজের স্নাতক সম্মান শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে গতকাল সকাল নয়টার দিকে মতিয়ার রহমান (২৮) যৌন হয়রানি করেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালত বেলা ১১টার দিকে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁর বাড়ি রায়পুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে।শেরপুর (বগুড়া): থানার ওসি আমিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে মাদক সেবনকালে শহরের উত্তর সাহাপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৮), বুলবুল ইসলাম (৩০) ও শাহিন (৩০) এবং জগন্নাথপাড়ার মাহবুব হোসেনকে (৩০) আটক করে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ও ইউএনও মো. মনজুর আলম প্রধান ওই রাতেই তাঁদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পরদিন শনিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আবদুস সালাম (২৮) ও জহুরুল ইসলামকে (৩৫) মাদক সেবনকালে পুলিশ আটক করে। পরে একই আদালত গতকাল তাঁদের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেন।শিবগঞ্জ (বগুড়া): থানার ওসি লুৎফর রহমান জানান, উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে শনিবার বিকেলে দুই বোতল ফেনসিডিলসহ বাবলা মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে গতকাল আদালতের বিচারক ইউএনও লুৎফর রহমান তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। বাবলা উপজেলার কাশিপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।