নয় বছর ধরে পদটি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনারের (ভূমি) পদটি দীর্ঘ নয় বছর ধরে শূন্য রয়েছে।
২০০৪ সালে ভূমি রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মজুমদার অন্যত্র বদলি হলে তখন থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করে আসছেন। খাগড়াছড়ির আটটি উপজেলার মধ্যে দীঘিনালা উপজেলায় ভূমিবিরোধ সবচেয়ে বেশি। সহকারী কমিশনার ভূমি না থাকার সুযোগে একটি চক্র নামজারিসহ ভূমি কার্যালয়ে নানা জালিয়াতির আশ্রয় নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
২০১১ সালে ধরা পড়ে জাল স্বাক্ষরসংবলিত ১০টি নামজারি (ভূমি মালিকানা হস্তান্তরের মালিকানা স্বত্ব) মামলার ঘটনা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন পাঠিয়েছিল।
সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপ্রাপ্ত দীঘিনালার ইউএনও ফজলুল জাহিদ পাভেল বলেন, ‘প্রশাসনিক দায়িত্ব পালন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং জেলায় বিভিন্ন সভায় যোগদান করতে গিয়ে ভূমি কার্যালয়ের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। কার্যদিবসে বাগান পরিদর্শন করতে না পেরে এখন শুক্র ও শনিবার দুই দিন দুর্গম এলাকায় গিয়ে বাগান পরিদর্শন ও তদন্ত করছি।’