নয় বছর পর ভাঙ্গায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে গত শুক্রবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে তিনটায় ভাঙ্গার চণ্ডিদাসদি মুন্সিবাড়িঘাট থেকে বাইচ শুরু হয়। শেষ হয় আড়াই কিলোমিটার দূরে শিলাধরচর বাবুবাড়ির ঘাটে। ভাঙ্গাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৬টি নৌকা অংশ নেয়।এতে আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাবুল মাতব্বরের নৌকা প্রথম হয়। দ্বিতীয় হয় একই ইউনিয়নের সোনাখোলা গ্রামের শেখ কামালের নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কোহালদিয়া গ্রামের চাঁন মিয়ার নৌকা।প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি, দ্বিতীয় বিজয়ীকে ১৭ ইঞ্চি ও তৃতীয় বিজয়ীকে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সুধীন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর।জানা গেছে, প্রতিযোগিতায় ১৬টি বাইচের নৌকা অংশ নিলেও শত শত যন্ত্রচালিত নৌকা নদীতে অবস্থান করায় কিছুটা বিশৃঙ্খলা ও নদীতে নৌকাজটের সৃষ্টি হয়। আয়োজকেরা নৌকাবাইচ চলাকালে সংশ্লিষ্ট স্থানে যন্ত্রচালিত নৌকা চলাচল নিষিদ্ধ করলেও তা মানা হয়নি। চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ তাঁর একটি ছবির জন্য নৌকাবাইচের ছবি হেলিকপ্টারে চড়ে ধারণ করেন।ভাঙ্গা বাজার বণিক সমিতি ও ভাঙ্গা পৌরসভার উদ্যোগে প্রায় ১০০ বছর ধরে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কথিত বোমা হামলার অজুহাতে প্রশাসন ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার অনুমতি বাতিল করে দেয়।