দেশের বিভিন্ন বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং সব ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
আজ শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তের ফলে দীর্ঘ নয় বছর পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে আটটি ধাপে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
সভা সূত্রে জানা যায়, বাংলাদেশের ২৮টি পাবলিক শ্বিবিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও বিশ্ববিদ্যালয় পরিষদের ভবন নির্মাণ শুরু, এর প্রকল্প পরিচালক নিয়োগসহ মোট আটটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় আজকের সভায়। প্রতিযোগিতা ঢাকার বাইরের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে হামদ, নাত, কেরাত, আবৃত্তি, বিতর্ক (বাংলা ও ইংরেজিতে), সংগীত-উচ্চাঙ্গ, নজরুল, রবীন্দ্র, লোকগীতি, দেশাত্মবোধক, আধুনিক, যন্ত্রসংগীত- গীটার এবং তবলা, নৃত্য- উচ্চাঙ্গ ও সাধারণ, বক্তৃতা- উপস্থিত, অভিনয়- তাত্ক্ষণিক, গল্প: অবিরাম গল্প বলা।
সভা শেষে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমীন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বন্ধ আছে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রেখে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি বর্হিভূত কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
রুহুল আমিনের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাদাত উল্লা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খায়রুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহ্বুবার রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদসহ ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।