নয় বছর পর সংসদে বেসরকারি বিল পাস
প্রায় নয় বছর পর গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বেসরকারি বিল পাস হয়েছে। এ বিলটি হলো ‘দ্য লেপার্স (রহিতকরণ) বিল, ২০১০’। কুষ্ঠ রোগীদের জনবিচ্ছিন্ন করার কুসংস্কারাচ্ছন্ন, অবৈজ্ঞানিক ও অমানবিক আইনের বিলুপ্তি ঘটাতে এ আইন পাস করা হয়।সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী বিলটি সংসদে উপস্থাপন করেন। বিলটির ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও সমর্থনসূচক বক্তব্য দেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিলটি পাসের সময় সাংসদেরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান।সর্বশেষ ২০০২ সালে চারদলীয় জোটের সাংসদ সামসুল আলম প্রামাণিকের ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) বিল, ২০০২’ পাস হয়েছিল। জাতীয় সংসদে বেসরকারি বিল পাসের রেকর্ড হাতেগোনা কয়েকটি। সংসদের নথি ঘেঁটে দেখা গেছে, নয়টি সংসদে এ পর্যন্ত ছয়টি বেসরকারি বিল পাস হয়েছে। লেপার্স বিল সপ্তম বেসরকারি বিল, যা সংসদে পাস হলো।গত বছরের ৩ জুন সংসদে কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিলের প্রস্তাব রেখে বিলটি উত্থাপন করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী।কুষ্ঠ রোগসংক্রান্ত দ্য লেপার্স অ্যাক্ট নামে এ আইনটি ১৮৯৮ সালের সামাজিক অবস্থা অনুযায়ী প্রণীত হলেও পরে আর তা বিলুপ্ত হয়নি। আইনটি প্রণয়নের সময় কুষ্ঠ রোগ সম্পর্কে শাসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের ধারণা ছিল, এটি একটি সংক্রামক ও অনিরাময়যোগ্য রোগ। এমনকি এ রোগটি অভিশাপ হিসেবে অভিহিত করা হতো। ফলে এ রোগে আক্রান্ত ব্যক্তিকে আইনের মাধ্যমে একঘরে করে রাখা হতো।পাস হওয়া এ বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, এ রোগটি ছোঁয়াচে বা সংক্রামক মনে করে রোগীকে জনবিচ্ছিন্ন করা হতো। ফলে আক্রান্ত রোগীকে অসহনীয় পরিস্থিতিতে দিনযাপন করতে হতো। এ-সংক্রান্ত বিদ্যমান আইনের ফলে মানুষের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে। মানসিক পীড়নের শিকার হচ্ছে অসংখ্য অসহায় মানুষ। অথচ বর্তমানে বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে এ রোগটি মোটেও সংক্রামক নয়। অন্য রোগের মতো এটিও একটি নিরাময়যোগ্য রোগ।বিলটি উত্থাপনের পর বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গত ১ জুলাই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে।জানা গেছে, গত আটটি সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট ২৫৫টি বিল উত্থাপিত হয়। আর চলতি সংসদে ১২টি বিল উত্থাপন করা হলেও মাত্র একটি বিল পাস হলো।