নয় বছর পর ১৯ জুলাই সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯ জুলাই এই সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।
দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে৷ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত হয়েছে বলে চিঠিতে জানানো হয়৷
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উপলক্ষে ওয়ার্ড কমিটি করা হয়েছে। রাজশাহী মহানগরে পাঁচটি সাংগঠনিক থানা রয়েছে। তার মধ্যে এখনো মতিহার থানা কমিটি গঠন করা হয়নি। ২৫ জুন এই কমিটি গঠনের দিন ধার্য হয়েছে। এ ছাড়া নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৯ জুন)। এই সভায় সম্মেলনের অন্যান্য বিষয় ঠিক করা হবে।
নগরের তৎকালীন দৈনিক বার্তা মাঠে ২০০৫ সালের ১৬ জানুয়ারি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন মাসুদুল হক ডুলু সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সাধারণ সম্পাদক মেয়র নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে ওই বছর ২২ আগস্ট রাতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতি মাসুদুল হক এবং তাঁকে সমর্থন করার অভিযোগে সহসভাপতি মোস্তাক আহাম্মদকে বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়। গত ১১ সেপ্টেম্বর সভাপতি মারা যান। এরপর সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়৷ এরপর আর কোনো সম্মেলনন হয়নি৷