নয় বছর বেতন পান না এক গ্রাম পুলিশ
রংপুরের পীরগাছায় গ্রাম পুলিশের এক সদস্য নয় বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ইটাকমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের প্রধান ২০০৩ সালের জানুয়ারি থেকে গ্রাম পুলিশের সদস্য আফছার আলীর বেতন-ভাতা বন্ধ করে দেন। ২০১২ সালের ২২ অক্টোবর আফসার আলী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও সরোয়ার জাহান বিষয়টি তদন্ত করে আফসার আলীর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ না পেয়ে গত ১৫ জানুয়ারি তাঁকে বেতন-ভাতা প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন। ৫ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি।আফসার আলীর অভিযোগ, বকেয়া বেতন-ভাতা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান তাঁর কাছ থেকে এক লাখ টাকা উৎকোচ দাবি করছেন। ইটাকুমারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাদের প্রধান বলেন, আফসার আলী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়।বর্তমান চেয়ারম্যান জসিদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী সবকিছু করা হবে। সরোয়ার জাহান বলেন, আফসার আলীকে চাকরিতে পুনর্বহালসহ বকেয়া বেতন-ভাতা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা কেন বাস্তবায়ন করা হচ্ছে না, তা তাঁর জানা নেই।