নয় বছরেও ইউপি ভবনের কাজ শুরু হয়নি
মামলার কারণে বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ নয় বছরেও শুরু করা যায়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২০ মে মিঠেখালী ইউপির নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়। এলজিইডি তখন ইউপি কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু তৎকালীন ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা তাঁর গ্রাম খোনকার বেড়ে এই ভবন নির্মাণের চেষ্টা চালাতে থাকেন। তাঁর ভাগিনা সালাম শেখ ২০০৩ সালে ইউপির বর্তমান কার্যালয়ের স্থানে নতুন ভবন নির্মাণের বিরোধিতা করে বাগেরহাটের আদালতে একটি মামলা করেন। মামলা আরজিতে বলা হয়, বর্তমান স্থানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হলে ইউনিয়নবাসীর প্রভূত ক্ষতি হবে। এরপর মামলাসংক্রান্ত জটিলতায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি। ২০১১ সালের ডিসেম্বরে আদালত সালাম শেখের আবেদন প্রত্যাখ্যান করেন। এদিকে ২০১০ সালে ঠোটারডাঙ্গা গ্রামে ইউপির নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডি ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশও দেয়। ঠিকাদার মাটি ভরাটের কাজ শুরু করলে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার সমর্থক এবং ওই এলাকার সাবেক ইউপি সদস্য আজিত শেখ সেখানে ভবন নির্মাণের কাজ বন্ধের জন্য উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। উচ্চ আদালত সেখানে ভবন নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেন। ফলে ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি। মিঠেখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হাওলাদার, আন্ধারিয়া গ্রামের তাহের হাওলাদার, মিঠেখালী গ্রামের উকিল ইজারাদার, সোনাখালী গ্রামের কায়কোবাদ গোলদার জানান, জনসাধারণের সুবিধা বিবেচনা না করে সাবেক চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত সুবিধাকে প্রাধান্য দিচ্ছেন। মিঠেখালী ইউপির সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান বলেন, সাবেক চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি হয়েও জনগণের স্বার্থ না দেখে নিজের স্বার্থকে বড় করে দেখছেন। এটা খুবই অন্যায়। তবে ইউপির আরেক সাবেক চেয়ারম্যান শাহজাহান মোল্লা বলেন, ‘আমি কাউকে প্ররোচিত করে কোনো মামলা করাইনি। এলাকার জনগণ তাদের স্বার্থ রক্ষার জন্য মামলা করেছে।’ এলজিইডি মংলা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা তাঁর গ্রামে ভবন নির্মাণ করতে চাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। যেহেতু আদালতে মামলা চলছে, সেহেতু মামলার রায় হাতে না পাওয়া পর্যন্ত আমরা ভবন নির্মাণের কাজ শুরু করতে পারছি না।’