নয় বছর পর দিন ধার্য হলেও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কাউন্সিল আর হচ্ছে না। আগামী শনিবার এই কাউন্সিলের দিন ঠিক করা হয়েছিল। এখন পরবর্তী দিনও আর ধার্য করা হয়নি। এ কারণে নেতা-কর্মীদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।
নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, কয়েক দিন আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলের কাউন্সিল পিছিয়ে নেওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের কপি কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র আগের নির্ধারিত তারিখ স্থগিত করেছে, কিন্তু পরবর্তী তারিখ দেয়নি। রোজার কারণ দেখিয়ে এই কাউন্সিল স্থগিতের আবেদন জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি বজলুর রহমান জানান, রোজার কারণেই তাঁরা কাউন্সিল স্থগিত করার জন্য দলের কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে জানিয়েছেন। কেন্দ্র কাউন্সিল স্থগিত করেছে। পরবর্তী সময়ে কবে হতে পারে—জানতে চাইলে তিনি বলেন, রোজার পরে শোকের মাস আগস্ট। সেই জন্য ওই মাসেও করা যাবে না। তবে আগামী সেপ্টেম্বরে অবশ্যই হবে।
মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতা জানান, তাঁরা আশঙ্কা করছেন, কাউন্সিল নিয়ে বরাবর যা হয়, তা-ই হয়তো হবে।’
দলের লোকজন জানান, কাউন্সিল উপলক্ষে ওয়ার্ড কমিটি করা হয়েছে। এবার ৩০ সাংগঠনিক ওয়ার্ড ভেঙে ৩৭টি করা হয়েছে এবং চারটি থানা ভেঙে পাঁচটি করা হয়েছে। সব কটি ওয়ার্ডের কমিটিও গঠন করা হয়েছে। তবে মতিহার ও রাজপাড়া থানায় শুধু নির্বাচনের মাধ্যমে কমিটি করা হয়েছে।
নগরের তৎকালীন দৈনিক বার্তা মাঠে ২০০৫ সালের ১৬ জানুয়ারি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এ সময় প্রয়াত মাসুদুল হক ডুলু সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সাধারণ সম্পাদক মেয়র নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে ওই বছর ২২ আগস্ট রাতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতি মাসুদুল হক এবং তাঁকে সমর্থন করার অভিযোগে সহসভাপতি মোস্তাক আহাম্মেদকে বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়। ১১ সেপ্টেম্বর ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মারা যাওয়ার দুই বছর পরে সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এবং কেন্দ্র থেকে কমিটির মেয়াদ ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাড়ানো হয়।