নয় বছরেও ভুল সংশোধন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের শহীদ স্মৃতিস্তম্ভ। মূল কাঠামো থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা উপড়ে ফেলার পর তা আর সংশোধন ও সংস্কার করা হয়নি l ছবি: প্রথম আলো
রংপুরের শহীদ স্মৃতিস্তম্ভ। মূল কাঠামো থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা উপড়ে ফেলার পর তা আর সংশোধন ও সংস্কার করা হয়নি l ছবি: প্রথম আলো

শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের মূল কাঠামোয় ৩৬ জন মুক্তিযোদ্ধার নাম খোদাই করে লেখা ছিল। নামের তালিকাটি পূর্ণাঙ্গ না হওয়ায় ক্ষুব্ধ লোকজন তা উপড়ে ফেলে। এভাবে কেটে গেছে নয় বছর। কিন্তু ভুলটি আর সংশোধন করা হয়নি। সংস্কার হয়নি স্মৃতিস্তম্ভটিও। এটি এখন অরক্ষিত অবস্থায় রয়েছে।
২০০৫ সালের আগস্টে রংপুর শহরের কালেক্টরেট মাঠের পূর্ব দিকে (বর্তমানে সুরভি উদ্যান) মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। এতে ৩৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নামের তালিকা স্মৃতিস্তম্ভে খোদাই করে লেখা হয়েছিল। কিন্তু এই তালিকা অসম্পূর্ণ হওয়ায় শহীদ পরিবার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে ওই বছরের ডিসেম্বরে বিক্ষুব্ধ লোকজন স্মৃতিস্তম্ভের একটি অংশ ভেঙে দেয়।
রংপুরের কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, স্মৃতিস্তম্ভে নামের তালিকায় শহীদ মুখতার ইলাহী ও রনী রহমানসহ অনেকের নাম বাদ পড়েছে। তাঁদের দুজনের নামে রংপুর শহরে দুটি রাস্তার নামকরণও করা হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা মুখতার ইলাহীর ছোট ভাই মারুফ ইলাহী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিষয়টি আমাদের পরিবারের পক্ষ থকে জেলা মুক্তিযোদ্ধা সংসদকে অবহিত করা হয়েছে। কিন্তু নয় বছরেও ভুলটি সংশোধন করা হয়নি। তালিকা থেকে বাদ পড়া শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করার কোনো উদ্যোগও চোখে পড়েনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বলেন, ‘শহীদ মুখতার ইলাহী, রনী রহমানসহ আরও অনেকের নাম বাদ পড়েছে। আমাদের পক্ষ থেকে সরকারের কাছে এ নিয়ে দাবি জানিয়েছি।’
রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরুল আলম বলেন, ‘ভুল ধরা পড়ার এত বছর কেটে গেল। কিন্তু কোনো কাজ হলো না। অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা স্মৃতিস্তম্ভে স্থাপন করার দাবি জানাচ্ছি।’
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। স্মৃতিস্তম্ভে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের একটি নামের তালিকা লেখা হয়। সেখানে রংপুরের আট উপজেলার মধ্যে পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা বাদে ছয়টি উপজেলার মোট ৩৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা হয়।
প্রতিবছর ডিসেম্বর মাস এলে মুক্তিযুদ্ধে রংপুরের শহীদদের নামের তালিকা এই স্মৃতিস্তম্ভে টাঙানোর দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে। কিন্তু এর কোনো বাস্তবায়ন করা হয়নি।
এ বিষয়ে রংপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি যে এ স্মৃতিস্তম্ভের কাজ শেষ হয়েছে। এখন আমাদের তেমন কোনো করণীয় নেই।’ তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নামের তালিকা দেওয়া হলে, তা সংস্কার করে দেওয়া হবে বলে তিনি জানান।
অনেক শহীদদের নাম তালিকা থেকে বাদ পড়ার বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদ বলেন, ‘মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সঙ্গে আলোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সব শহীদের নাম অন্তর্ভুক্ত করে দুবার চিঠি পাঠিয়েছি। এখনো কোনো জবাব আসেনি। আশা করছি, শিগগির বিষয়টির সমাধান করা যাবে।’