কুমিল্লার হোমনা উপজেলায় আলু ও সবজির হিমাগারে নয় বছর ধরে আলু সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু এত দিনেও কোনো সবজি সেখানে রাখা হয়নি। হিমাগারটির একটি অংশে যে সবজি সংরক্ষণের ব্যবস্থা আছে, কর্মকর্তাসহ অনেকে তা জানেনই না।
হোমনা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামে ৫০৫ একর জায়গার ওপর হিমাগারটি নির্মাণ করে বিএডিসি। হিমাগারে ১ হাজার মেট্রিক টন আলু ও ৫০ মেট্রিক টন সবজি সংরক্ষণের জন্য পৃথক স্থান রয়েছে। হিমাগারে ২০০৮ সাল থেকে আলু সংরক্ষণ শুরু হলেও সবজি সংরক্ষণের কার্যক্রম এখনো চালু হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার ৩৮০ হেক্টর জমিতে আলু, ১৫০ হেক্টর জমিতে শিম, ১০০ হেক্টর জমিতে টমেটো, ১০০ হেক্টর জমিতে বেগুন এবং ৩৫০ হেক্টর জমিতে মুলা, বাঁধাকপি, ফুলকপি, লাউ, ডাঁটাসহ অন্যান্য সবজি চাষ করা হয়। প্রায় দুই হাজার কৃষক সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন।
সরেজমিনে দেখা গেছে, হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিকে ওপারচর এলাকার এই হিমাগারের দক্ষিণ দিকের তিন-চতুর্থাংশে আলু সংরক্ষণ করা হয়েছে। হিমাগারের উত্তর পাশে একটি কক্ষে সবজি হিম করার যন্ত্র রয়েছে। ৫০ মেট্রিক টন সবজি সংরক্ষণ করতে তিনটি কক্ষ রয়েছে। তবে এগুলো স্থাপনের পর একবারের জন্যও চালু হয়নি।
কাশিপুর গ্রামের কৃষক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েক বিঘা জমিতে সবজি চাষ করতাছি, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমেই কম দামে বিক্রি করে দিতে হইতাছে। শুনছি হোমনায় আলুর সঙ্গে সবজির হিমাগারও আছে। কিন্তু কোনো সবজি রাখন যায় বলে জানি না। উপজেলায় অনেক কৃষক সবজি চাষ করলেও হিমাগারের কোনো সুবিধা পাইতাছেন না।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাষি বলেন, হোমনায় সবজির হিমাগার আছে, এমনটি তাঁরা জানতেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, ‘হোমনায় আলু হিমাগারের সঙ্গে একটি অংশে সবজির হিমাগারও রয়েছে, এমনটি আমি আগে শুনিনি। কিন্তু আপনার কাছ থেকে শুনে খবর নিয়ে বিষয়টি অবগত হয়েছি। সবজির হিমাগারটি চালু হলে এলাকার সবজিচাষিরা সেখানে সবজি রেখে লাভবান হতে পারবেন। এতে উপজেলার দুই সহস্রাধিক সবজিচাষি উপকৃত হবেন। শুধু তা-ই নয়, পাশের তিতাস, দাউদকান্দি ও বাঞ্ছারামপুর উপজেলার সবজিচাষিরাও উপকৃত হবেন।
হোমনা বিএডিসির উপপরিচালক মো. আবু তালেব মিয়া বলেন, ‘সবজির হিমাগারে খালি বস্তার স্তূপ ছিল, তা পরিষ্কার করিয়েছি। আমার আগে সবজির হিমাগারের বিষয়ে অন্য কেউ খোঁজই নেননি। সবজি সংরক্ষণের হিমাগারটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকার কৃষি ভবন থেকে মে মাসে একজন প্রকল্প পরিচালক হিমাগারটি পরিদর্শন করেছেন। সবজির হিমাগারে সবজি সংরক্ষণ করতে ইতিমধ্যেই বেশ কয়েকজন চাষি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু হিমাগারটি চালু না থাকায় তাঁদের ফেরত দিয়েছি। এটি চালু হলে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে সবজি সংরক্ষণ করা যাবে। আমরা আশা করছি, সবজি সংরক্ষণের হিমাগারটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে। হিমাগারে সবজি সংরক্ষণ করতে হলে লোকবল, কয়েকটি রেক ও মেশিনটি সচল আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’