নয় বছরেও শেষ হয়নি সুনই সেতুর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই-মধ্যনগর সড়কের সুনই নদীর ওপর নয় বছর আগে শুরু হওয়া সেতু নির্মাণের কাজ আজও শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতি ও ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে হাওরবেষ্টিত এ উপজেলার পাঁচটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ নৌকায় নদী পারাপার হতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ২০০২-২০০৩ অর্থবছরে সুনই সেতু নির্মাণের জন্য নদীর মধ্যে পিলার স্থাপনের কাজের জন্য দুই কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আরপি কনস্ট্রাকশন নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। কাজটি ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঠিকাদারের শ্রমিকেরা ২০০৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ ফেলে রেখে চলে যান।সওজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে অসমাপ্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সেতুর ওপরের অংশের ছাদ ও দুই পাশের রেলিং নির্মাণের জন্য চার কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই কাজটিও পায় আরপি কনস্ট্রাকশন। এ কাজটি ২০১১ সালের ৩১ মের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সওজ যথাসময়ে ভূমি অধিগ্রহণ না করায় ঠিকাদার ওই বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কাজ বন্ধ করে দেয়। এ কারণে কাজের চুক্তি বাতিল করা হয়। পরবর্তী সময়ে একই প্রকল্পের অধীনে ২০১২-১৩ অর্থবছরে সেতুটির অবশিষ্ট কাজ ও সংযোগ সড়ক স্থাপনের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। রেজাউল আলম নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। এ কাজ ৩০ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান জানান, সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় উপজেলার পাইকুরাটি, মধ্যনগর, চামরদানী, বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের লোকজন নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরে যাতায়াত করে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন। ৬ মার্চ দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক স্থাপনের জন্য পাঁচ-ছয়জন শ্রমিক বালু ফেলছেন এবং তিন-চারজন শ্রমিক রেলিংয়ের কাজ করছেন। শ্রমিকেরা জানান, এ কাজ শেষ করতে আরও চার-পাঁচ মাস লাগবে। আরপি কনস্ট্রাকশনের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সেতু নির্মাণের কাজ তদারকির দায়িত্ব পাওয়া কর্মকর্তা সওজের সুনামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোতাহার হোসেন জানান, ভূমি অধিগ্রহণ করতে বিলম্ব হওয়ায় ও নানান সমস্যার কারণে সেতুটির নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ করা যায়নি।সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’