নয় বছরেও হয়নি স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের পর বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে রংপুর নগরের দখিগঞ্জ শ্মশানের বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি। স্থানটি এখন জঙ্গলাকীর্ণ l ছবি: প্রথম আলো
বছরের পর বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে রংপুর নগরের দখিগঞ্জ শ্মশানের বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি। স্থানটি এখন জঙ্গলাকীর্ণ l ছবি: প্রথম আলো

রংপুর নগরের দখিগঞ্জ শ্মশানে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ নয় বছরেও শেষ হয়নি। আংশিক নির্মাণের পর তা এখন ময়লা ও ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরের ১০ জন বুদ্ধিজীবীকে দখিগঞ্জ বধ্যভূমিতে ধরে এনে হানাদার বাহিনী হত্যা করে। শহীদদের স্মৃতির উদ্দেশে সরকারিভাবে এই বধ্যভূমি নির্মাণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করেছে। কিন্তু জমি নিয়ে জটিলতার কারণে কার্যাদেশের পর নকশায় পরিবর্তন আনতে হয়। সেই কারণে খরচও বেড়ে যায়। তবে এই অতিরিক্ত খরচের বরাদ্দ না আসায় স্মৃতিস্তম্ভটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।
গণপূর্ত বিভাগ সূত্র জানায়, রংপুর নগর থেকে দুই কিলোমিটার দূরে কামাল কাছনা এলাকার দখিগঞ্জ শ্মশানের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ২০০৫ সালের জুনে সাত লাখ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। জমি নিয়ে শ্মশান কমিটির সঙ্গে গণপূর্ত বিভাগের জটিলতা দেখা দেওয়ায় নির্মাণকাজের কার্যাদেশ দিতে বিলম্ব হয়। সেই সঙ্গে নকশায়ও কিছু পরিবর্তন করতে হয়। এরপর দরপত্র আহ্বানের প্রায় এক বছর পর ২০০৬ সালের মে মাসে চার শতক জমির ওপর স্মৃতিস্তম্ভটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার কাজ শেষ করেছেন। তবে নতুন নকশা অনুযায়ী ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ১২ লাখ টাকা। এই অতিরিক্ত ব্যয়ের বরাদ্দ না পাওয়ায় স্মৃতিস্তম্ভের ৪০ ভাগ কাজ শেষ করা যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সায়েরা কনস্ট্রাকশনের মালিক রাজু আহমেদ বলেন, দরপত্র অনুযায়ী যতটুকু কাজ করা হয়েছে, তা তাঁরা গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দিয়েছেন। পরে টাকা বাড়ানোর কথা ছিল। কিন্তু ওই টাকা না বাড়ানোয় কাজও শেষ হয়নি।
জানতে চাইলে রংপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী বলেন, ‘এটি অনেক দিনের কথা। ওই সময় আমি এখানে দায়িত্বে ছিলাম না। তবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভটি নির্মাণে একটি আবেদন করা হলে ওপর মহলে লেখালেখি করে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।’