নয় বিশেষজ্ঞের সাতটি ও ছয় চিকিৎসকের তিনটি পদই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে আশানুরূপ চিকিৎসাসেবা পাচ্ছে না জেলার বাসিন্দারা। এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি মেশিনে সমস্যা ও জনবলের অভাবে এখানকার স্বাস্থ্যসেবার এই হাল। হাসপাতালটিতে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সাতটি পদই শূন্য। ছয় চিকিৎসা কর্মকর্তার মধ্যে তিনজন নেই। নয় বছর আগে হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল না বাড়ানোয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্র জানায়, এটি যখন ৫০ শয্যার ছিল তখন নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ ছিল। এ পদগুলোর মধ্যে সাতটিই গত এক বছর শূন্য। এ পদগুলো হচ্ছে: মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), হূদেরাগ ও এনেসথেসিয়া। এ ছাড়া ছয় চিকিৎসা কর্মকর্তার চারজনই নেই। ২০০৩ সালে প্রতিষ্ঠানটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু জনবল রয়ে গেছে পুরোনো অবস্থাতেই। এদিকে হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও গত বছর থেকে তা বিকল। দুটি আলট্রাসনোগ্রাম মেশিনও বিকল পড়ে আছে। পাঁচটি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি নষ্ট। ইসিজি মেশিন দুটির দশা নাজুক। ১৯ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, জরুরি বিভাগে একজন চিকিৎসক রোগী দেখছেন। দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য এসে বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন।লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের স্কুলশিক্ষিক পারভিন আক্তার চোখ দেখাতে এসে চিকিৎসক পাননি। রায়পুরের ব্যবসায়ী মাসুদুর রহমান গলায় সমস্যা এবং রামগতির আবুল কালাম ভাঙা পা নিয়ে আসেন। কিন্তু এঁরা প্রত্যেকেই বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে নোয়াখালীতে যান উন্নত চিকিৎসার জন্য।স্থানীয় জনতা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মহিব উল্লাহ জানান, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসক না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন স্বীকার করেন, মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে কোনোরকমে এখানে কাজ চালানো হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের অভাবে জেলাবাসী প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। সিভিল সার্জন মো. আবদুল্লাহ জানান, এটি ১০০ শয্যার হাসপাতাল হলেও জনবল বাড়ানো হয়নি। শুধু খাবার ও ওষুধ পাওয়া যায়। আর চিকিৎসকেরা মফস্বল এলাকায় থাকতে চান না। সুযোগ পেলেই শহরে চলে যান। ফলে চিকিৎসক ঘাটতি থেকেই যাচ্ছে।