শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। এখানে নয়টি বিষয়ের কোনো শিক্ষক নেই। পদোন্নতি ও বদলিজনিত কারণে শিক্ষক-সংকটের সৃষ্টি হয়েছে। শ্রেণীকক্ষ সংকট এতটাই প্রকট যে এখানে একই কক্ষে পাঠদানের পাশাপাশি ছাত্রীরা ব্যবহারিকের কাজ করে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ২ দশমিক ৫৪ একর জমির ওপর এই কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালের ২৭ মার্চ এটি জাতীয়করণ করা হয়। কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতকের বিভিন্ন শাখায় প্রায় আড়াই হাজার ছাত্রী পড়ালেখা করে। কলেজ ক্যাম্পাসে একটি দ্বিতল এবং আরেকটি তিন তলা ভবন আছে। এ দুই ভবনে সব মিলিয়ে শ্রেণীকক্ষ মাত্র আটটি। এত কমসংখ্যক শ্রেণীকক্ষে সব ছাত্রীকে পাঠদান করা সম্ভব হয় না। কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে ছাত্রীদের কমনরুম, মিলনায়তন, আলাদা বিজ্ঞান ও প্রশাসনিক ভবন নেই। এ ছাড়া অধ্যক্ষ ও শিক্ষকদের জন্য কোনো বাসভবন নেই। কলেজ সূত্রে জানা গেছে, এখানে প্রভাষকের ৫৪টি পদের মধ্যে ৩৩টি দীর্ঘদিন ধরেই শূন্য। কলেজের ২২টি বিষয়ের মধ্যে নয়টিতে কোনো শিক্ষক নেই। এগুলো হচ্ছে—অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স। এ ছাড়া ইংরেজি ও ইতিহাসে দুটি করে এবং সমাজকল্যাণ, রসায়ন, গণিত ও ব্যবস্থাপনা বিভাগে একজন করে প্রভাষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে এখানে ২১ জন শিক্ষক কর্মরত আছেন। স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আসমা খাতুন বলেন, ‘কলেজে স্নাতক (সম্মান) কোর্স নেই। বাধ্য হয়ে পাস কোর্সে পড়ছি। কলেজ ক্যাম্পাসে কোনো ক্যান্টিন নেই।’ একই বর্ষের ছাত্রী দিলরুবা আকতার কলেজে অনার্স কোর্স চালুর দাবি জানান। একই বর্ষের আরেক ছাত্রী মুনমুন বলেন, ‘শ্রেণীকক্ষে পর্যাপ্ত বেঞ্চ নেই, আলাদা বিজ্ঞান ভবন নেই। একই রুমে ক্লাস ও প্রাকটিক্যাল ক্লাস করি।’কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষক সংকট ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে তাঁরা ২২টি করে সহযোগী ও সহকারী অধ্যাপক এবং দুটি করে প্রভাষক ও প্রদর্শকের পদ সৃষ্টি করার জন্য একই অধিদপ্তরে আবেদন পাঠিয়েছেন।উপাধ্যক্ষ নজরুল ইসলাম আরও জানান, কলেজে ২১টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবেচনাধীন আছে।