বিচার চেয়ে ভিক্ষুকরা ইউএনওকে লিখিত অভিযোগ দিয়েছেন
নয় ভিক্ষুকের শৌচাগারের টাকা আত্মসাতের অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হালিমের বিরুদ্ধে ভিক্ষুকদের নামে বরাদ্দকৃত স্বাস্থ্যসম্মত শৌচাগারের মালামাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার দাবি করে ভিক্ষুকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে সদর ইউনিয়নের পুরান শ্রীবরদী, নয়ানী শ্রীবরদী, বাঘবেড়, কুড়িপাড়া নবীননগর ও ইজারাপাড়া গ্রামের নয়জন ভিক্ষুকের নামে নয়টি স্বাস্থ্যসম্মত শৌচাগারের মালামাল বরাদ্দ দেওয়া হয়। ভিক্ষুকেরা হলেন আমেনা বেগম, শাহিদা বেগম, সুখজান, ফুল খাতুন পাগলী, তাপসী রানী দাস, গফুর মিয়া, ফেরুজা খাতুন, ফুলেশ্বরী ও জাহিরন। চেয়ারম্যান আবদুল হালিম এসব মালামাল ভিক্ষুকদের মধ্যে বিতরণ না করে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে ভিক্ষুকেরা চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি তাঁদের (ভিক্ষুক) হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবদুল হালিম প্রথম আলোকে বলেন, তালিকায় উল্লেখিত অধিকাংশ ভিক্ষুককেই শৌচাগারের মালামাল দেওয়া হয়েছে। ২-১ জন ভিক্ষুক তাঁর কাছে না আসায় তাঁদের পরিবর্তে অন্যদের দেওয়া হয়েছে। তাঁর পরিষদের কতিপয় সদস্যের যোগসাজশে ভিক্ষুকেরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে তিনি দাবি করেন।
ইউএনও খালেদা নাছরিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।