নয় মাস ধরে অচেতন তিনি!
গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার হালদার নয় মাস ধরে অচেতন অবস্থায় রয়েছেন। অভিযোগ উঠেছে, খুলনা নগরের একটি ক্লিনিকে তাঁর বাঁ হাতে অস্ত্রোপচারের সময় অতিরিক্ত চেতনানাশক দেওয়ায় এত দিনেও তাঁর চেতনা ফিরছে না।শিক্ষক সন্তোষ কুমারের (৫৫) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শেওড়াবাড়ী গ্রামে। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় তাঁর বাঁ হাত ভেঙে যায়। ওই দিনই তাঁকে খুলনা শহরের খুলনা ক্লিনিকে ভর্তি করা হয়। পর দিন বিকেলে ওই ক্লিনিকের চিকিৎসক দিদারুল আলম তাঁর হাতে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় চেতনা ফিরে এলে সন্তোষ কুমারকে দুই দফা চেতনানাশক (অ্যানেসথেশিয়া) দেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচার শেষে তাঁর চেতনা আর ফিরে আসেনি।চিকিৎসক দিদারুল আলম বলেন, অস্ত্রোপচারের সময় ও পরে যেকোনো রোগীর ‘হার্ট অ্যাটাক’ হতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্তোষ কুমারকে চেতনানাশক দিয়েছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এস এম শাহনেওয়াজ। শাহনেওয়াজ শিক্ষক সন্তোষের শরীরে একাধিকবার চেতনানাশক প্রয়োগের বিষয়টি এড়িয়ে যান। শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘রোগীর শরীর অনেক সময় চেতনানাশক ওষুধের চাপ (লোড) নিতে পারে না। এতে হূৎপিণ্ড (হার্ট) ব্লক হয়ে যায়। সন্তোষ কুমারের ক্ষেত্রেও তা-ই ঘটেছিল। তাৎক্ষণিকভাবে আমরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ৩ জানুয়ারি দেওয়া ছাড়পত্রে উল্লেখ রয়েছে, অস্ত্রোপচারের সময় জটিলতার কারণে সন্তোষ কুমারের হার্ট অ্যাটাক হয়।পারিবারিক সূত্র জানায়, সন্তোষ কুমারকে ৪ জানুয়ারি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তাঁর ভর্তির ফরমে রোগের বিবরণীতে লেখা হয়েছে, অন্তত দুই দিন ধরে তিনি ‘অজ্ঞান’ রয়েছেন। তাঁর বাঁ হাতে অস্ত্রোপচারের সময় হার্ট অ্যাটাক হয়েছে।এ্যাপোলোতে অবস্থার উন্নতি না হলে ২৬ জানুয়ারি তাঁকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ৪ ফেব্রুয়ারি তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই হাসপাতালের ছাড়পত্রে লেখা হয়, সন্তোষ কুমার হাইপোক্রিক ইসকেমিক এনকেফালোপেথিতে আক্রান্ত। তাঁর ‘ব্রেন সেল ড্যামেজ’ হয়ে গেছে।গোপালগঞ্জের সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁকে আমরা মানবিক কারণে হাসপাতালে থাকতে দিয়েছি। আমাদের করার তেমন কিছুই নেই। তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখা যেতে পারে।’