নয় মাস ধরে আটকে আছে সংস্কারকাজ
কার্যাদেশ দেওয়ার নয় মাসেও খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কারকাজ শুরু হয়নি। ঠিকাদার আগে বলেছিলেন, বর্ষা শেষ হলে কাজে হাত দেবেন। এখন বলছেন, সরকার টাকা ছাড় দিচ্ছে না। তাই কাজও ধরতে পারছেন না তাঁরা। অবশ্য সওজের সংশ্লিষ্ট ব্যক্তিরা তহবিল না থাকার কথা স্বীকার করেছেন।তবে যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে গত ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে সড়কের খানিকটা সংস্কার করা হয়। এখন সেই সড়ক আগের ভাঙাচোরা অবস্থায় ফিরে গেছে। বরং সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।খুলনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরের পাওয়ার হাউস মোড় থেকে চুকনগর পর্যন্ত ২৭ কিলোমিটার খুলনা-সাতক্ষীরা মহাসড়কটির প্রয়োজনীয় মেরামতের জন্য গত বছরের ৭ জুলাই ‘দি আজাদ ইঞ্জিনিয়ার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৩ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকা। সড়কটি তখনই চলাচলের অনুপযোগী ছিল। সে সময় বর্ষা মৌসুম থাকায় পরে কাজ শুরুর কথা বলা হয়। কিন্তু বর্ষা শেষেও কাজ শুরু না হওয়ায় যাত্রী, পথচারী ও চালকদের ভোগান্তি চরমে ওঠে। একপর্যায়ে নতুন যোগাযোগমন্ত্রী গত ২৭ ফেব্রুয়ারি খুলনা অঞ্চলের ওই সড়ক এলাকা পরিদর্শনে আসেন। তখন অতিদ্রুততার সঙ্গে তিন দিনের মধ্যে কিছু জরুরি মেরামতকাজ করা হয়। কিন্তু ভারত সীমান্ত থেকে পণ্যবোঝাই ট্রাকগুলো এই সড়ক দিয়ে খুলনায় আসা-যাওয়া করাসহ অসংখ্য যানবাহনের যাতায়াতের ফলে ইতিমধ্যে নতুন ও পুরোনো পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙাচোরার ছবি তোলার সময় গত ১১ এপ্রিল সকালে নিজখামার এলাকায় পিকআপ চালক জব্বার আলী বলেন, ‘ভাই ছবি তো তুলতিছেন, কিছু হবেনে?’ পাশ দিয়ে বাস যাওয়ায় ধুলার ঝড়ের মধ্যে পড়া নিজাম আনোয়ার নামের এক ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে বলেন, ‘ভাই একটু লেখেনদি। শিঘ্রি যাতে আরেকবার যোগাযোগমন্ত্রী খুলনায় আসে। তালি উরা রাস্তাডা আবার একটু মেরামত করবেনে।’ গল্লামারী স্ট্যান্ডে দাঁড়ানো বাসচালক রেজাউল করিম বলেন, ‘অ্যাক্সিডেন্ট হলিই তো শুধু আমাগে দোষ। আমরা যে কী কষ্ট করে এই ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, তা তো দ্যাখপেন না। এই রাস্তাডা যে বছরের পর বছর ধরে মেরামত কত্তেছে না!’ঠিকাদারি প্রতিষ্ঠান দি আজাদ ইঞ্জিনিয়ার্সের মালিক তৌহিদুল ইসলাম ওরফে আজাদ বলেন, ‘যখন আদেশ দেয়, তখন বর্ষা ছিল।’ বর্ষা শেষে কাজ শুরু করলেন না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কন্ট্রাক্টে (চুক্তিতে) ৩ দশমিক ৮২ শতাংশ মেরামত করার কথা। এখন সড়কের যে অবস্থা, তাতে ২২-২৫ শতাংশই মেরামত করতে হবে।’ তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘সরকার ফান্ড (তহবিল) দিচ্ছে না। ফান্ড পেলে এক মাসের মধ্যে সব কাজ করে দেব।’খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস তহবিল না থাকার কথা স্বীকার করে বলেন, ‘মন্ত্রণালয় এখনো টাকা ছাড় দেয়নি। ঠিকাদার আগামী ৭ জুলাইয়ের মধ্যে কাজ করে দেবে বলে আশা করি। প্রয়োজনে সময় বাড়াব।’ ঠিকাদারের বিলম্বের জন্য কোনো ব্যবস্থা নেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা না থাকায় জোর দিয়ে কিছু বলতে পারছি না।’