নয় মাস পর মিল্ক ভিটার দুধ সংগ্রহ শুরু
নয় মাস পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্রে দুধ সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার খামারিরা কেন্দ্রে দুধ সরবরাহ করেন।
গত ৩ মার্চ শীতলীকরণ কেন্দ্রে সংগ্রহ করা দুধে ভেজাল (মিষ্টির পরিমাণ বেশি) থাকায় সমবায়ী খামারিদের কাছ থেকে মিল্ক ভিটার প্রধান কার্যালয় থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ কারণে ওই কেন্দ্রের অধীন শতাধিক খামারি নয় মাস ধরে কেন্দ্রে দুধ সরবরাহ করতে না পেরে বিপাকে পড়েন।
এ নিয়ে একাধিকবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে ওই সময় কয়েকজন খামারি বলেছিলেন, শীতলীকরণ কেন্দ্রটি বন্ধ করে দিতে একটি চক্র রাজনীতি করছে। খামারিদের সরবরাহ করা দুধে বেশি মিষ্টি বা ভেজাল ছিল না।
দক্ষিণ গন্ডামারা সমিতির সভাপতি মো. সোহাগ ও খামারি মো. মফিজ বলেন, রায়পুরে মিল্ক ভিটায় দুধ নেওয়া বন্ধ করার পর তাঁরা বেকায়দায় পড়েন। এ কারণে বাজারে দুধের দাম কমে যায়। এখন আবার দুধ সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় খামারিরা খুশি।
মিল্ক ভিটার রায়পুর শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে দুধ সংগ্রহের জন্য সাত-আট দিন আগে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। গতকাল থেকে দুধ সংগ্রহ শুরু করা হয়েছে।