নয় মাস পলাতক থাকার পর জামিন পেলেন নুর উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদ ময়মনসিংহের চাঞ্চল্যকর হারুন অর রশিদ হত্যা মামলায় ঢাকার একটি আদালত থেকে জামিন নিয়েছেন। প্রায় দুই দশক আগে ফ্রিডম পার্টির কার্যালয়ের ভেতর থেকে গুলি করে হত্যা মামলার ওই আসামি আদালতের নথিতে নয় মাস পলাতক ছিলেন। মামলাটি ট্রাইব্যুনালে আসার পর ৩২টি ধার্য তারিখের একটিতেও নুর উদ্দিন আদালতে হাজির হননি।গত মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ঋষিকেশ সাহা ৫০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।নয় মাস পলাতক থাকার পর বেসরকারি একটি টিভি চ্যানেলের পরিচালক নুর উদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন, এমন খবর প্রচার হওয়ার পর গতকাল বুধবার আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনজীবীরা জানান, সাধারণত হত্যা মামলাগুলোতে পলাতক আসামির জামিন হয় না। তবে জামিন দেওয়া আদালতের এখতিয়ার। আদালত সূত্র জানায়, দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক নেই। ঋষিকেশ সাহা ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আইনজীবী সানাউল্লাহ মিয়া আসামি নুর উদ্দিনের পক্ষে জামিনের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জামিন বাতিলের বিষয় আসামির জানা ছিল না। মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত ছিল। কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আগে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ ২০০৯ সালের ৩০ জুলাই নুর উদ্দিন আদালতে উপস্থিত না থাকায় জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে নুর উদ্দিনের আইনজীবী আদালতকে জানান, জামিন বাতিল সম্পর্কে তিনি জানতেন না।সূত্র আরও জানায়, ১৯৯১ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছরের ২৪ মার্চ হাইকোর্ট ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এরপর গত বছরের ১৯ অক্টোবর ময়মনসিংহ আদালত থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।