নয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত ২০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নয় মাসে ঢাকা শহরে প্রায় দুই হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২১ জন। এমন পরিস্থিতির পরও ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম মাসুদ আহসান।

আজ রোববার রাজধানীতে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক এক র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত র‍্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব থেকে উত্তর নগর ভবন পর্যন্ত হয়। এ সময় সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর পর বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ২০১১ সালের পর এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও গরম আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সচেতনতামূলক কার্যক্রম ও মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

সমাবেশে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ পোলিওমুক্ত, ম্যালেরিয়ামুক্ত হয়েছে। এক সময় ডেঙ্গুমুক্তও হবে। সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা যায়।

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ১০-১২ বছর আগে ডেঙ্গু ছিল আতঙ্ক। ক্যানসার রোগী মারা যেত বহু দিনে। ডেঙ্গু রোগী মারা যেত তিন দিনে। কিন্তু ডেঙ্গু এখন আর আতঙ্ক নয়, সাধারণ জ্বর। তিনি গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, চাইলেই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধ করতে পারে না। সিটি করপোরেশনের নয়—এমন অনেক এলাকা আশপাশে। সেখানে অনেক মশার জন্ম হয়। সারা দেশের ১০ শতাংশ ডেঙ্গু ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। তিনি বলেন, ‘আমরা সচেতন, কিন্তু সব সচেতনতাই সম্পূর্ণ নয়।’

সমাবেশে সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে কী কী করা হয়েছে, তা তুলে ধরা হয়। এর মধ্যে আছে পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ইত্যাদি।