
‘মামা, ওই দিকে যাইয়া লাভ নাই। সিঁড়ি বন্ধ। চলে না...’
সিঁড়ি চলে না?
‘না, আইজ পাঁচ দিন বন্ধ। দ্যাখেন না, তালা বাইন্দা রাখছে?’
বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় পদচারী সেতুর পাশে ফুটপাতে পলিথিন বিছিয়ে খেলনার দোকান খুলে বসা শিশু ইমরান পথচারীদের এভাবেই কয়েক দিন ধরে সতর্ক করছে। এই পদচারী সেতুর বৈশিষ্ট্য, এতে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) রয়েছে। চালু হওয়ার পর প্রথম দিকে ইমরান দিনে বেশ কয়েকবার শখের বসে এই চলন্ত সিঁড়িতে চড়েছে।
তবে এই পদচারী সেতুতে ওঠার জন্য (দুই দিকে) চলন্ত সিঁড়ি বসানো হলেও নামার সময় সে সুযোগ নেই। হেঁটে সিঁড়ি ভেঙেই নামতে হয়। কিন্তু এখন যে পাশে চলন্ত সিঁড়ি লাগানো হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, চলন্ত সিঁড়ি নষ্ট হয়ে যাওয়ায় প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।
অবশ্য এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে তা নয়। গত জুন ও আগস্টে দুই দফায় নষ্ট হয় এই চলন্ত সিঁড়ি। এ বছরের মার্চ মাসে উদ্বোধনের পর এ নিয়ে তৃতীয়বার নষ্ট হলো চলন্ত সিঁড়িটি।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে। তবে এত তাড়াতাড়ি নষ্ট হয় কী করে দেখতে হবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বিশুদ্ধ বায়ু, পরিবেশ ও টেকসই’ প্রকল্পের (কেইস) আওতায় বনানীর এই পদচারী সেতুতে চলন্ত সিঁড়ি বসানো হয়। এই সেতুর ২০০ মিটারের মধ্যে দুই পাশে আরও দুটি পদচারী সেতু থাকার পরও এই সেতু নির্মাণ করা হয় প্রায় এক কোটি ৮৪ লাখ টাকায়। আর চলন্ত সিঁড়ি বসাতে ব্যয় হয় দেড় কোটি টাকা।
এ বিষয়ে স্থাপত্য ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, যে চলন্ত সিঁড়িটি লাগানো হয়েছে, সচল থাকলেও তা আধাআধি ভূমিকা রাখতে পারে। কারণ শুধু ওঠা যায়, নামার ব্যবস্থা নেই। তিনি বলেন, ঢাকার প্রেক্ষাপটে পদচারী সেতুতে চলন্ত সিঁড়ির ব্যবহার কতটা কার্যকর হবে, এটি আরও ভেবে দেখার প্রয়োজন রয়েছে।

কেইস প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাজধানীর আরও সাতটি স্থানে ১১ কোটি টাকা ব্যয়ে পদচারী সেতুতে চলন্ত সিঁড়ি বসানোর পরিকল্পনা ছিল। এলাকাগুলো হচ্ছে মতিঝিল শাপলা চত্বর, উত্তর বাড্ডা বাজার, উত্তরা রাজউক মডেল স্কুলের সামনে, মিরপুর ২ নম্বর সেকশন, শাজাহানপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পূর্ব দিকে এবং বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বব্যাংক রাজি না হওয়ায় পরিকল্পনা এগোয়নি।
গতকাল সোমবার সকালে চেয়ারম্যানবাড়ি গিয়ে দেয়া যায়, পদচারী সেতুর দক্ষিণ দিকে (মহাখালী থেকে গেলে) দুটি চলন্ত সিঁড়িই বন্ধ দেখা যায়। প্রবেশপথের গেটে তালা ঝুলছে। সেতুর উত্তর দিকে সাধারণ সিঁড়ি দিয়ে কিছু পথচারী ওঠানামা করছে। তবে বেশির ভাগ পথচারী ঝুঁকি নিয়ে ব্যস্ত রাস্তা পার হচ্ছেন।
বিলকিস আক্তার নামের এক ব্যাংক কর্মকর্তা জানান, পায়ে সমস্যা থাকায় অফিসে যাওয়ার জন্য সড়কের অপর পাড়ে থাকা গাড়িতে উঠতে এই চলন্ত সিঁড়ি ব্যবহার করতেন তিনি। কিন্তু মাঝে মাঝেই এটি নষ্ট হয়ে যায়।
সেতুর দেখভালের দায়িত্বে থাকা একজন কর্মচারী বললেন, পাঁচ দিন আগে চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ সারানো হবে, তা বলতে পারেননি তিনি।
এ বিষয়ে কেইস প্রকল্পের পরিচালক মো. সেহাবউল্লাহর সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এটি নষ্ট কখনোই হয় না। সাময়িক বন্ধ থাকতে পারে। পাঁচ দিন ধরে বন্ধ—এমন খবর তো আমি জানি না। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি।’
সিটি করপোরেশন সূত্র জানায়, সেতুতে চলন্ত সিঁড়ি বসিয়েছে হরাইজন টেকনো লিমিটেড। এ জন্য মালয়েশিয়ার মাশিবা কোম্পানির এস্কেলেটর আমদানি করা হয়। প্রতি ঘণ্টায় ছয় হাজার ৭৫০ জন চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারে।
বনানী ও চেয়ারম্যানবাড়ি এলাকার বিভিন্ন অফিসকর্মী, দোকানি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, চলন্ত সিঁড়ির কারণে নারী, বয়স্ক মানুষ ও শিশুদের সুবিধা হয়েছিল। তবে এ এলাকায় তিনটি পদচারী সেতু থাকলেও তা ব্যবহার না করে ঝুঁকি নিয়েই অনেক পথচারী রাস্তা পার হন।