নয় মাসে ফায়ার সার্ভিসের ছয়টি যান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল, অবরোধ, দুর্ঘটনা—এসব পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাতে গিয়ে বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খল জনতার রোষানলে পড়েন দমকলবাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্ত হয় পানি ও পাম্পবাহী গাড়ি, উদ্ধারযান ও উদ্ধারকর্মীরা। গত নয় মাসে এভাবে ফায়ার সার্ভিসের ছয়টি যান ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তালিকার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিনির্বাপণকেন্দ্রের ভেতরে ঢুকে যে দুটি যানের ক্ষতিসাধন করা হয়েছে, সেগুলোও রয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে সম্প্রতি ঢাকায় মহাপরিচালকের দপ্তরে এসব ক্ষয়ক্ষতির বিবরণ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন।জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জাতীয় প্রতিষ্ঠান। সে হিসেবে আমরা জনগণের সেবক। দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার অভিযান চালাই। যথাসম্ভব মানুষকে বিপদমুক্ত করতে চেষ্টা করি। কাজেই আমাদের ভুল বোঝা, যানবাহন ও দমকলবাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো ঠিক নয়। তা ছাড়া মূল্যবান উদ্ধারযানের ক্ষতি হলে ফায়ার সার্ভিসের সেবাদান ব্যাহত হবে—এটাও বুঝতে হবে আমাদের সবাইকে।’ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বছরের জুন থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খল জনতার হামলায় ক্ষতিগ্রস্ত ফায়ার সার্ভিসের যানবাহনের একটি তালিকা তৈরি করে চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ। ২ মার্চ তৈরি করা ওই তালিকায় দেখা যায়, গত বছরের ২০ জুন নগরের আগ্রাবাদ অগ্নিনির্বাপণকেন্দ্রের একটি যান (প্রথম কল) স্থানীয় বনানী কমপ্লেক্সের সামনে পোশাকশিল্পের এক শ্রমিককে চাপা দেওয়া বাসটিকে ঘটনাস্থল থেকে সরাতে গিয়ে উচ্ছৃঙ্খল জনতার রোষানলে পড়ে। তারা এতে হামলা চালায়।গত বছরের ৩০ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দিরে আগুন নেভাতে গিয়ে জনতার হামলায় চকরিয়া অগ্নিনির্বাপণকেন্দ্রের একটি যান (দ্বিতীয় কল) ক্ষতিগ্রস্ত হয়। একই বছরের ২৪ নভেম্বর বহদ্দারহাট ফ্লাইওভার ধসের ঘটনায় আহতদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে একই দিনে দুটি যান ক্ষতিগ্রস্ত হয় উত্তেজিত জনতার হাতে। এর মধ্যে একটি ছিল আগ্রাবাদ অগ্নিনির্বাপণকেন্দ্রের উদ্ধারযান (রেসকিউ ভ্যান) এবং অপরটি কালুরঘাট অগ্নিনির্বাপণকেন্দ্রের দ্বিতীয় কলের গাড়ি।সব শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়ায় জামায়াত-শিবিরের সমর্থক একদল উচ্ছৃঙ্খল লোক অগ্নিনির্বাপণকেন্দ্রের ভেতরে ঢুকে দুটি মূল্যবান যান (প্রথম ও দ্বিতীয় কলের গাড়ি) ভাঙচুর করে।জানা যায়, ফায়ার সার্ভিসের প্রথম কলের গাড়ির দাম দেড় থেকে দুই কোটি, দ্বিতীয় কল ও উদ্ধারযানের দাম ৫০ লাখ টাকা। ছয়টি গাড়ি ভাঙচুরের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয় সাতকানিয়ায়। প্রায় আড়াই কোটি টাকা দামের এ দুটি গাড়ি সারাতে প্রয়োজন পড়বে দুই থেকে আড়াই লাখ টাকা। এ ছাড়া ভাঙচুর হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের চারটি গাড়ির ক্ষতির পরিমাণ দুই থেকে তিন লাখ টাকা বলে জানা গেছে।