‘আগে ই-মেইলে বিদেশে পাসপোর্ট পাঠানোর জন্য ১০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে মহেশখালী সদরে যেতে হতো। এলাকায় তথ্যসেবাকেন্দ্র চালু হওয়ার পর থেকে পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র ই-মেইলে মাত্র ৫০ টাকা দিয়ে পাঠানো যাচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে গাড়িভাড়া ও সময় দুটোই।’
তথ্যসেবা কেন্দ্রে কেমন সেবা পাওয়া যায়—জানতে চাইলে এমনই জবাব দিলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উপকারভোগী প্রবাসী আমির হোসেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মহেশখালীর ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোর ব্যাপারে শুরুতে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন তা সবার কাছে আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিনই কাঙ্ক্ষিত সেবা পেতে জনগণ বিভিন্ন সেবাকেন্দ্রে ভিড় করছেন। গত নয় মাসে আটটি ইউনিয়ন সেবাকেন্দ্র থেকে অন্তত ২০ হাজার মানুষ সেবা নিয়েছেন। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন চার শর বেশি শিক্ষার্থী।
গত রোববার সকাল ১০টায় কুতুবজোম ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, আমির হোসেনের মতো স্থানীয় বিভিন্ন স্তরের লোকজন সেবা নিচ্ছেন। তাঁদের সেবা দিতে ব্যস্ত কেন্দ্রের পরিচালক আলাউদ্দিন।
কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মকছুদ মিয়া বলেন, ‘একসময় এসএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য শিক্ষার্থী কিংবা অভিভাবকদের বিদ্যালয়ের বিজ্ঞপ্তি ফলকের সামনে ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন বাড়ির কাছের তথ্যসেবাকেন্দ্রে সহজেই মিলছে যেকোনো পরীক্ষার ফলাফল।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার-ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১০ সালের নভেম্বরে সারা দেশের মতো মহেশখালীর আটটি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়। এসব কেন্দ্র থেকে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ, সরকারি বিভিন্ন ফরম, বিভিন্ন দলিল বা আবেদনপত্র কম্পোজ, অনলাইনে নিয়োগ পরীক্ষা কিংবা ভর্তির আবেদন ফরম পূরণ ও জমাদান, ই-মেইলে তথ্য আদান-প্রদান, কম্পিউটার প্রশিক্ষণসহ নানা রকম সেবা পাচ্ছেন এলাকার মানুষ।
হোয়ানক ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ কাইছার উদ্দিন বলেন, ‘আমার কেন্দ্রে মাসে সাড়ে তিন শ লোক সেবা পাচ্ছেন। এ ছাড়া এ পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এখান থেকে।’
এদিকে কোনো কোনো তথ্যসেবাকেন্দ্রে নানা রকম সমস্যাও রয়েছে বলে জানা গেছে। ধলঘাটা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তাঁর কেন্দ্রে কম্পিউটার, জেনারেটর, ফটোস্ট্যাট ও স্ক্যানার মেশিন নেই। দুটি ল্যাপটপের মধ্যে একটি নষ্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আটটি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে এলাকার অন্তত ২০ হাজার লোক সেবা নিয়েছেন। প্রতি কেন্দ্রে দুজন লোকের কর্মসংস্থান হয়েছে। তেমন কোনো বিনিয়োগ ছাড়াই মাসে ১৫-২০ টাকা আয় করছেন তাঁরা।