চলতি বছরের নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ ১৫০ জন নিহত হয়েছেন বলে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নয় মাসের সংখ্যাগত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব তথ্যের ভিত্তিতে আসক মানবাধিকার লঙ্ঘনের এই সংখ্যাগত প্রতিবেদন তৈরি করেছে। এই হিসাবে জঙ্গিবিরোধী কয়েকটি অভিযানে নিহত ২০ জনকেও ধরা হয়েছে।
এ বিষয়ে আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান প্রথম আলোকে ব্যাখ্যা দেন, অভিযানে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এসব ব্যক্তি নিহত হয়েছেন। তাই তাঁদেরও বন্দুকযুদ্ধে নিহত মোট হিসাবে ধরা হয়েছে। আর কথিত ক্রসফায়ারের বিষয়ে তিনি বলেন, জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর বিষয়ে কারও আপত্তি নেই। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রমের অস্বচ্ছতা নানা সন্দেহ ও অনাস্থা তৈরি করছে।
আসকের প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৭৫ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ৮ জনের লাশ মিলেছে, ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ও ৩ জন ফেরত এসেছেন। ৪৬ জনের এখনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে নূর খান বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে বিভিন্ন ব্যক্তিকে ধরে নেওয়া হয়। কিন্তু কোনো কর্তৃপক্ষ আটকের কথা স্বীকার করে না। পরিবারগুলো অভিযোগ নিয়ে আসে। পরে তাঁদের অনেকের লাশ পাওয়া যায়, কোনো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক প্রকৃত সফলতাকেও মানুষ অবিশ্বাস করে।
আসকের প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে হেফাজতে ও কথিত ক্রসফায়ারে পুলিশের হাতে ৬১ জন, র্যাবের হাতে ৩৪, ডিবির হাতে ১১, পুলিশ ও বিজিবির ‘ক্রসফায়ারে’ ১ জন নিহত হন। পুলিশের গুলিতে ৯ জন, বিজিবির গুলিতে ১, পুলিশ, ডিবি ও রেল পুলিশের নির্যাতনে ৯, থানা হেফাজতে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে কারা হেফাজতে মারা গেছেন ৫৭ জন।
আসকের প্রতিবেদন অনুযায়ী, গত নয় মাসে দেশে ৩৩০টি শিশুকে হত্যা করা হয়েছে। ৭৫৪টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। ৩৬ জন পরে আত্মহত্যা করেছে।
এই সময়ে ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৬৯৬টি। তাতে ১৪৩ জন নিহত হন। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ২৮ জন নারী।
পারিবারিক নির্যাতনে হত্যা করা হয়েছে ২০৭ জন নারীকে, যৌতুকের জন্য হত্যার শিকার হয়েছেন ৯৬ জন নারী। ধর্ষণের শিকার হয়েছেন ৪৬৬ জন নারী, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে।