চলতি বছরের নয় মাসে দেশে ৩৪৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজার ৪৬ জন।বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত তথ্য দেওয়া হয়েছে।দেশের প্রথম সারির ১২টি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে আসক এই সংখ্যাগত প্রতিবেদন করেছে।প্রতিবেদনে বলা হয়, এই নয় মাসে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ৯৩টি সংঘাতের ঘটনায় নিহত হয়েছে ১৮ জন, আহত হয়েছে এক হাজার ৪৬২ জন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে ১৭৯টি সংঘর্ষের ঘটনায় ২৯ জন নিহত এবং আহত হয়েছে দুই হাজারেরও বেশি। আর বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ৪৩টি। এতে নিহত হয়েছে ছয়জন, আহত হয়েছে ৭১২ জন। একই সময়কালে আওয়ামী লীগের সঙ্গে শিবিরের সংঘাতে একজন, পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে একজন ও বিরোধী দলের ডাকা হরতালে একজন নিহত হয়েছে।আসকের সংখ্যাগত প্রতিবেদন অনুযায়ী, এই নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, গ্রেপ্তারের আগে-পরে নির্যাতনে ও ‘ক্রসফায়ারে’ মোট ৯৫ জন মারা গেছে। কারাগারে মারা গেছে ৫৮ জন বন্দী।এ ছাড়া সম্প্রতি দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার পর তাঁর লাশ পাওয়া যাচ্ছে। আবার অনেকেই নিখোঁজ থাকছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিখোঁজ বা নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের স্বজনদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থাহীনতার কারণে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার বহিঃপ্রকাশ হিসেবে গণপিটুনির মতো ঘটনাও ঘটেছে। গণপিটুনিতে নিহতের সংখ্যা ৮০ জন।এই নয় মাসে বখাটেদের উৎপাতে আত্মহত্যা করেছেন ২৫ জন নারী। ফতোয়ার শিকার হয়েছেন ১৯ জন নারী। ধর্ষণের শিকার হয়েছে ৪০৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৬ নারীকে, আত্মহত্যা করেছেন পাঁচজন। একই সময়ে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে ৬২ জন। আর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ৬৮ জন গৃহপরিচারিকা। এর মধ্যে রহস্যজনক মৃত্যু হয়েছে ২৮ জনের।প্রতিবেদনে সীমান্তে সংঘাতের পরিসংখ্যানে বলা হয়, নয় মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত হয়েছে ৭৪ জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে গুলিতে ৪৯ জন ও শারীরিক নির্যাতনের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে।