দুই নেতার দ্বন্দ্বের কারণে সম্মেলনের দীর্ঘ নয় মাসেও জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। কমিটি গঠনের বিষয়ে দুই নেতা পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলাও হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর জয়পুরহাট জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। সম্মেলন চলাকালে শহরের প্রধান সড়কে জয়পুরহাট-২ (কালাই-আক্কেলপুর-ক্ষেতলাল) আসনের সাংসদ গোলাম মোস্তফা ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের সাংসদ মোজাহার আলী প্রধানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়-সাতজন কর্মী আহত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত সম্মেলন হলেও গোলাম মোস্তফা তাতে যোগ দেননি। সম্মেলনে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফিরে আসেন। এরপর থেকে কোনো কমিটি ছাড়াই চলছে জেলা বিএনপির কার্যক্রম।সাংসদ মোজাহার আলী প্রধানের দাবি, তিন মাস আগে কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপির সভাপতি হিসেবে তাঁকে, জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে সাংসদ গোলাম মোস্তফা ও পৌর মেয়র ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়েছে। এই কমিটিকে স্বাগত জানিয়ে জয়পুরহাটে মিছিল-সমাবেশও হয়েছে। তবে গোলাম মোস্তফা দাবি করেন, কেন্দ্রীয় কমিটি সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারও নাম ঘোষণা করেনি। এটা অপপ্রচার ছাড়া কিছুই নয়। মোজাহার আলী প্রধান জানান, তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদের কাছে ২০-২৫ দিন আগে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে বাকি কমিটি গঠনে ৯২ জনের নামের তালিকা দিয়েছেন। অপরদিকে গোলাম মোস্তফা জানান, তাঁকে সভাপতি ও মমতাজ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে ৭২ জনের নাম তিনি পাঠিয়েছেন। অচিরেই জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেবে কেন্দ্র।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা অভিযোগ করেন, ত্রিবার্ষিক সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটি দুই সাংসদের কাছ থেকে নামের তালিকা নিয়ে অনেক আগেই কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারত। কিন্তু কেন্দ্রীয় কমিটি বিষয়টি ঝুলিয়ে রাখছে। এতে করে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করায় সাংগঠনিক কাজকর্মও ঝিমিয়ে পড়েছে।জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিনুর রহমান বলেন, দুই সাংসদের দ্বন্দ্বের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুই নেতার কোন্দলের অবসান হওয়া দরকার। আরেক সাবেক সহসভাপতি ইব্রাহিম হোসেন ফকির বলেন, দল দলের মতো করেই চলা উচিত। সাংসদদের হস্তক্ষেপ হলে সেখানে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হবেই।