নয় মাসেও ডিএনএ প্রতিবেদন আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের টাটাকপুরের এসএ ইটভাটার মাটির ঢিবি থেকে একটি নরকঙ্কাল উদ্ধার করা হয় ২০১২ সালের ১৪ এপ্রিল। কঙ্কালের সঙ্গে থাকা চাবির গোছা ও তাবিজ দেখে ইটভাটার পার্শ্ববর্তী খয়েরপাড়া গ্রামের রিকশাচালক আশরাফুল ইসলাম (২৫) কঙ্কালটি তাঁর বাবা হামিদুর রহমানের বলে শনাক্ত করেন।এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে ওই ইটভাটার মালিক, ব্যবস্থাপকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ২০ জুন কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এ কারণে এগোচ্ছে না মামলার বিচারকাজ। পাশাপাশি আশরাফুলও কঙ্কালটি তাঁর বাবার কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না।আশরাফুল ও তাঁর মা হাজেরা বেগম জানান, ওই ইটভাটায় একটি পুকুর রয়েছে। পুকুরটি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছিমনা গ্রামের মহাসিন আলী ও বিরামপুরের খয়েরপাড়া গ্রামের ইসমাইল হোসেন ইজারা নিয়েছিলেন। মহাসিন আলী ওই পুকুরে পাহারা দেওয়ার জন্য হামিদুর রহমানকে নিযুক্ত করেছিলেন। পুকুরটি পাহারা দেওয়া অবস্থায় ২০১১ সালের ২ সেপ্টেম্বর রাতে হামিদুর রহমান নিখোঁজ হন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ওই ইটভাটায় কঙ্কাল থাকার বিষয়টি জানাজানি হয়। এর সঙ্গে থাকা টর্চলাইট দেখে কঙ্কালটি হামিদুরের বলে নিশ্চিত হন আশরাফুলসহ এলাকার অনেকেই। এরপর ১৩ এপ্রিল আশরাফুল বাদী হয়ে ইটভাটার দুই ব্যবস্থাপক শীতল চন্দ্র বর্মণ, দীপক চন্দ্র, শ্রমিক আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিরামপুর থানায় হত্যা মামলা করেন। এরপর ১৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, রাতে ওই ইটভাটার পুকুরের আশপাশে অসামাজিক কর্মকাণ্ড হতো। এতে বাঁধা দেওয়ার কারণে হামিদুর রহমানকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার পরও কঙ্কালটি হামিদুর রহমানের কি না, ডিএনএ প্রতিবেদন না আসা পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ২০১২ সালের ২০ জুন কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু এখনো ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।এ ব্যাপারে ওই ল্যাবরেটরির বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার মজুমদার বলেন, হত্যা মামলা হওয়ায় বারবার পরীক্ষা করতে হচ্ছে। এ কারণে সময় বেশি লাগছে। কয়েক দিনের মধ্যেই প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান।