নয় মাসেও প্রকাশিত হয়নি নিয়োগ পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক-কর্মচারী নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের পর প্রায় নয় মাস পার হলেও এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, মিল কর্তৃপক্ষ ও প্রভাবশালী মহলের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে অসন্তোষের কারণে মেধাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অনিশ্চয়তা দেখা দিয়েছে।চিনিকল কর্তৃপক্ষ জানায়, আটটি পদে ১০২ জন শ্রমিক-কর্মচারী নিয়োগের জন্য গত বছরের ১৩ জুলাই দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মৌসুমি ক্রয় করণিক ও আউট স্টেশন গার্ড পদ দুটি ছাড়া বাকি ছয়টি পদে ওই বছর ৩ নভেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। এখন পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মৌসুমি ক্রয় করণিক পদে পরীক্ষা নেওয়া হয়নি। এ ছাড়া আউট স্টেশন গার্ড পদে পরীক্ষা স্থগিত করা হয়। শ্রমিক-কর্মচারীদের বাকি ছয়টি পদে ৬২ জন নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। প্রভাবশালী একটি মহল অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মিল কর্তৃপক্ষকে মেধাসম্পন্ন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।২০১১ সালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় শতাধিক শ্রমিক-কর্মচারী নিয়োগ করা হয়। এ নিয়ে অভিযোগের পর একাধিক তদন্ত কমিটিও গঠিত হয়। এ ছাড়া নতুন নিয়োগ-প্রক্রিয়ায় আর যেন কোনো অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হতে না পারে, সে জন্য ১৩ মে নর্থ বেঙ্গল সুগার মিলকে সতর্ক করে চিঠি দেওয়া হয়।