নয় মাসের কাজ আড়াই বছরেও শেষ হয়নি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের দামোদরপুর থেকে পালশা ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত সড়কের কাজ নয় মাসে শেষ করার কথা থাকলেও আড়াই বছরেও শেষ করেননি ঠিকাদার। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন পালশা ইউনিয়নের দামোদরপুর থেকে বলাহার বাজার হয়ে পালশা ইউপি পর্যন্ত ১ দশমিক ৩০ কিলোমিটার সড়কের পাকাকরণের কাজ পান ঠাকুরগাঁওয়ের ঠিকাদার মো. রজব আলী। ৫৯ লাখ ৭৮ হাজার ৩৫৯ টাকা ব্যয়ের ওইকাজটি নয় মাসের মধ্যে শেষ করতে ২০১৪ সালের ১৯ মে ঠিকাদারের সঙ্গে চুক্তি হয় এলজিইডির। কিন্তু ঠিকাদার বিভিন্ন অজুহাতে গত আড়াই বছরে মাত্র ৬০ শতাংশ কাজ শেষ করেছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওই সড়কজুড়ে খোয়া ও বালু বিছানো। বহুদিন থেকে খোয়া বিছানো থাকায় অনেক জায়গায় গর্ত হয়ে গেছে।
ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, ‘এক বছর মাটি কাটে থুয়ে আর মিস্ত্রির দেখা নাই। বছর ধরে ভ্যান চালা পারনো না। আরেক বছর খোয় বিছে থুলো, তাতেও কষ্ট। হামার পাকা রাস্তার সাধ মিটে গেইছে।’
পালশার ইউপি চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঠিকাদারের ও প্রকৌশল কার্যালয়ের গাফিলতির কারণে আড়াই বছর থেকে ওই এলাকার জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে ঠিকাদারের মুঠোফোন নম্বর চাইলে তাঁরা ওই ঠিকাদারের মিস্ত্রি মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোন নম্বর দেন। মুঠোফোনে গতকাল শনিবার বিকেলে জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, যে সময় তাঁরা কাজ শুরু করেছিলেন, সে সময় হঠাৎ ইটের দাম বৃদ্ধি পাওয়ায় কাজ শেষ করা যায়নি। এ ছাড়া তাঁদের বিলও ঠিকমতো দেওয়া হয়নি। তবে আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করা হবে।
উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি যোগদান করার পর থেকে ওই সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে একাধিকবার চাপ দিলেও তিনি (ঠিকাদার) কাজ করেননি। এ ছাড়া তিনি ওই ঠিকাদারের চুক্তি বাতিল করতে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে গত বছরের ১৮ জুলাই একটি চিঠি দেন। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারের চুক্তি বাতিল হয়নি। ঠিকাদারও বাকি কাজ করছেন না।
এ ব্যাপারে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগামী এক মাসের মধ্যে ওই রাস্তার কাজ শেষ করা হবে।