নয় মাসের মাথায় ভেঙে পড়ল কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগাতিপাড়ায় ৩ ডিসেম্বর ভেঙে পড়া কালভার্ট। ছবিটি  সম্প্রতি তোলা l প্রথম আলো
বাগাতিপাড়ায় ৩ ডিসেম্বর ভেঙে পড়া কালভার্ট। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর এলাকায় নির্মাণের নয় মাসের মাথায় ভেঙে পড়েছে একটি সিসি কালভার্ট। কিন্তু এখন উপজেলা পরিষদের কোনো দপ্তরই কালভার্টটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর স্বীকার করছে না।
এলাকাবাসী জানান, নয় মাস আগে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়বাংলা মোড় থেকে মধ্যপাড়া সড়কের হাটগোবিন্দপুর এলাকায় কালভার্টটি নির্মাণ করা হয়। বর্ষায় এটির নিচ দিয়ে দুপাশের মাঠের পানি প্রবাহিত হয়। আর সারা বছরই কালভার্টটির ওপর দিয়ে যাতায়াত করে আশপাশের তিন গ্রামের মানুষ। ৩ ডিসেম্বর মাটিভর্তি একটি ট্রাক্টর পার হওয়ার সময় কালভার্টটি ভেঙে পড়ে। এরপর নয় দিন চলে গেলেও কোনো দপ্তর থেকে আর কালভার্টটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। স্থানীয় কয়েকজন যুবক দুর্ঘটনা এড়াতে কালভার্টের ভাঙা স্থানে কলাগাছ ফেলে লোকজনকে সতর্ক করার চেষ্টা করেছেন।
হাটগোবিন্দপুর গ্রামের আরজ আলী বলেন, নয় মাস আগে কালভার্টটি নির্মাণের সময় সেখানে কোনো সরকারি কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। তাই এলাকার লোকজনের পক্ষে জানা সম্ভব হয়নি কারা কালভার্টটি নির্মাণ করেছে। ভেঙে পড়ার পর মেরামতের জন্য তাঁরা উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুরছেন। কিন্তু কেউ এর দায়দায়িত্ব নিচ্ছে না। এমনকি কোনো কর্তৃপক্ষ এটি নির্মাণ করেছে বলে স্বীকারও করছে না।
উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ণ চক্রবর্তী বলেন, কালভার্টটি ভাঙার এক দিন পর তিনি জানতে পেরেছেন। কিন্তু কারা এটি নির্মাণ করেছে, তা তাঁর পরিষদের নথিতে উল্লেখ নেই। তিনি বলেন, খুব সম্ভবত উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৪-১৫ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় এটি নির্মিত হয়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ সম্পর্কে পরে জানাবেন বলে ফোন রেখে দেন।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আলম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান প্রশিক্ষণে আছেন। তিনি এলে সঠিক তথ্য জানা যাবে। তবে ওই রাস্তা ও কালভার্টটি তাদের কার্যালয়ের অধীন নয়। এটা প্রকল্প কর্মকর্তার কার্যালয় করতে পারে বলে তিনি জানান।