নয় লাখ টাকার ডাল নিয়ে ট্রাক উধাও
বরগুনার আমতলী উপজেলার এক ব্যবসায়ীর নয় লাখ টাকার ডাল নিয়ে একটি ট্রাক উধাও হয়েছে।ট্রাকের নিবন্ধন নম্বর ও মালিকের ভুয়া নাম ব্যবহার করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল রোববার সকালে জাকির হোসেন আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ী আমতলী বাঁধঘাট এলাকার মেসার্স মনির অ্যান্ড ব্রাদার্সের মালিক জাকির হোসেন জানান, শুক্রবার রাত ১০টার দিকে ট্রাকটি ১১০ বস্তা (আট টন ৮০০ কেজি) খেসারির ডাল ও ৯০ বস্তা (সাত মেট্রিক টন ২০০ কেজি) মুগের ডাল নিয়ে মাদারীপুরের চরমুগুরিয়ার মেসার্স ভোলানাথ কুণ্ডু নামক পাইকারি আড়তে পৌঁছে দেওয়ার জন্য আমতলী থেকে ছেড়ে যায়। ট্রাকটি শনিবার সকালে সেখানে পৌঁছানোর কথা থাকলেও তা না পৌঁছায় ওই দিন বিভিন্নভাবে ট্রাকটির হদিস পেতে তিনি চেষ্টা করেন। বর্তমানে ট্রাকের চালকের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এরপর ট্রাকের মালিক ঝিনাইদহের জাহিদ শেখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জানতে পারেন, তাঁর নাম ঠিকানাও সঠিক নয়। পরে বিআরটিএর নিবন্ধন শাখায় যোগাযোগ করে জানতে পারেন ট্রাকের নিবন্ধন নম্বরটিও ভুয়া।