নয় শতাধিক কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের এক কৃষকের বাগানের নয় শতাধিক গাছের কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কৃষক আরমান আলীর প্রায় তিন বিঘা জমির ওপর ওই কলাবাগানের নয় শতাধিক গাছের কলার কাঁদি মাটিতে পড়ে রয়েছে। কৃষক আরমান প্রথম আলোকে জানান, আর মাত্র কয়েক দিন পর ওই কলাগুলো বিক্রির উপযুক্ত হতো। এ জন্য ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি আগাম কিছু টাকাও নিয়েছেন। প্রতি রাতে তিনি কলাবাগান পাহারা দিতেন। শনিবার রাতেও পাহারা দেন। পরে ভোরের দিকে বাগান থেকে বাড়ি চলে যাওয়ার পর কলার কাঁদিগুলো কে বা কারা কেটে ফেলে রেখে যায়। এতে তাঁর অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। তবে এর আগে মেহেরপুরে পূর্বশত্রুতার জেরে আম-লিচু বাগানের গাছ কেটে ফেলা, খেতের ফসল নষ্ট করার একাধিক ঘটনা ঘটেছে।