নয় শিশুকে কারাগারে পাঠানোয় হাইকোর্টের রুল
রাজধানী থেকে নয় শিশুকে আটক ও কারাগারের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
রুলে নয় শিশুকে আটক প্রক্রিয়ায় ২০১৩ সালের শিশু আইনের ১৩, ১৪, ৪৪ ও ৫২ ধারা ও আইনগত সহায়তা প্রদান, আইনের ৯ ও ১১ ধারার বিধান অনুসরণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে শিশু আইনের ৫, ৮ ও ৯ ধারার বিধান অনুসরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘ওরা ক্ষুধার্ত, ওরা নির্যাতিত’ শিরোনামে গত ২৭ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশনের পক্ষে গত সপ্তাহে রিট আবেদনটি করা হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
পরে আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, শিশু আইন অনুসারে, শিশুকে থানায় আনার পর শিশুকল্যাণ কর্মকর্তা তার দেখভাল ও বয়স নির্ধারণ করবেন। তার মা–বাবা বা অভিভাবক আছে কি না, খবর নেবেন ও অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবেন। এসব প্রক্রিয়া অনুসরণ না করে নয় শিশুকে আদালতে পাঠানোর নিয়ম নেই। আদালত থেকে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে নয় শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এ ক্ষেত্রে আইগত সহায়তা প্রদান আইনের প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ না হওয়ায় রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মে নয়টি শিশুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মোহাম্মদপুরের রাস্তা থেকে আটক করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনে মোহাম্মদপুর থানার পুলিশ। আদালত শিশুদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যার দিকে শিশুদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। শিশুরা জানায়, চুরি করার কথা স্বীকার করানোর জন্য পুলিশ তাদের লাঠি দিয়ে মারধর করে।
আরও পড়ুন:
ওরা ক্ষুধার্ত ওরা নির্যাতিত