নয় সপ্তাহে পাঁচবার বদলি!
১৯৯৬ সালে চাকরি নেন। চাকরিজীবনের প্রায় ১৮ বছরে বদলি হয়েছেন চারবার। চলতি বছরের নয় সপ্তাহে তাঁকে পাঁচবার বদলি করা হয়। বদলি-বিড়ম্বনায় পড়া এ চাকরিজীবী হচ্ছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইটিও) মো. আনোয়ারুল ইসলাম। সিলেটের বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকাকালে কয়েকজন প্রভাবশালী শিক্ষকের দুর্নীতি বন্ধে তৎপর হওয়ায় এ বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ ওই কর্মকর্তার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি থেকে পাঁচবার তাঁকে বদলি করা হয়। পঞ্চম দফায় তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল রোববার যোগদান করেছেন। এর আগে ২০১০ সালে স্বাভাবিক বদলি হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বালাগঞ্জে যোগ দেন। চলতি বছরের ১৫ জানুয়ারি তাঁকে বদলি করা হয় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। ২৬ জানুয়ারি কমলগঞ্জ উপজেলায়। সেখান ২২ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দোয়ারাবাজারে বদলির আরও এক সপ্তাহ পর সুনামগঞ্জের জগন্নাথপুর ও সর্বশেষ ২৩ মার্চ গফরগাঁওয়ে তাঁকে বদলি করা হয়।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) নূরুল ইসলাম পাঁচ সপ্তাহে পাঁচবার বদলির বিষয়টি নিশ্চিত করেন। তবে বদলির কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আনোয়ারুল ১৯৯৬ সালের ১০ অক্টোবর চাকরিতে যোগ দেন। ২০১০ সাল পর্যন্ত চাকরিজীবনে চারবার বদলি হয়েছেন। ২০০৫ সালে গোলাপগঞ্জ উপজেলায় থাকাকালে উপজেলা ‘প্রাথমিক শিক্ষায় দেশের সেরা’ উপজেলা নির্বাচিত হয় গোলাপগঞ্জ। ওই বছরের ১০ অক্টোবর উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় শিক্ষা কর্মকর্তার সাফল্য লিখিতভাবে উপস্থাপন করে তাঁকে অভিনন্দিত করা হয়। ওই বছরই ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণসংক্রান্ত প্রকল্প ‘ইস্টিম’ প্রশিক্ষক হিসেবে তিনি দেশসেরা নির্বাচিত হন। চাকরিজীবনের সফলতার ধারবাহিকতায় বালাগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে কিছু প্রভাবশালী শিক্ষকের দুর্নীতি উদ্ঘাটন করতে গিয়ে রোষানলে পড়েন জানিয়ে শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল বলেন, উপজেলার কিছু শিক্ষক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষক নিয়োগ ও বদলি-বাণিজ্যের পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও সরকারি বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। এ তৎপরতায় বালাগঞ্জের ১১টি বিদ্যালয় এক শিক্ষকবিশিষ্ট হয়ে পড়ে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গিয়ে তিনি প্রভাবশালী শিক্ষকদের রোষানলে পড়ে একের পর এক বদলির মুখে পড়েন।
আনোয়ারুল জানান, গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি অবহিত করেছিলেন। প্রতিবেদনে বালাগঞ্জের মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষক বিধি লঙ্ঘন করে বিদেশ অবস্থান করা ও তাঁদের বেতন-ভাতা ভোগ করার বিষয়টি উদ্ঘাটিত হয়। ওই বিষয়টি ধামাচাপা দিতেই তাঁকে একের পর এক বদলি করা হয়েছে বলে অভিযোগ তাঁর।