নয় সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ
চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা। আগামী শনিবার পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নয়টি সরকারি বিদ্যালয় হচ্ছে: কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ দুই পালায় (শিফট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আসন সীমিত থাকার কারণে কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুধু পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ করা হয়। ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। এ ছাড়া নবম শ্রেণীর ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। জেএসসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীর ভর্তির কার্যক্রম পরিচালিত হবে।