নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় গতকাল সোমবার এক সাক্ষীর অসমাপ্ত জেরা এবং আট সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। মোট ১০ জন সাক্ষীর মধ্যে একজন আদালতে অনুপস্থিত ছিলেন। সাক্ষ্য ও জেরা শেষে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২ মে।
সকাল ১০টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার কার্যক্রম শুরু হয়। প্রথমে নিহত আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক নিহত ইব্রাহীমের বড় ভাই মো. ইউসুফের অসমাপ্ত জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর সাক্ষ্য দেন নিহত সিরাজুল ইসলাম লিটন ও জাহাঙ্গীরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রণয়নকারী বন্দর থানার এসআই আবু তালেব ও সিরাজুল ইসলাম লিটনের বড় ভাই রফিকুল ইসলাম।
নিহত প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম তাঁর সাক্ষ্যে বলেন, নূর হোসেনের পরিকল্পনায় র্যাব সদস্যরা সাতজনকে অপহরণ করে খুন করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছিলেন। নিহত আইনজীবী চন্দন সরকারের ভাতিজা অরুণাভ সরকার সাক্ষ্যে বলেন, চন্দন সরকার অপহরণের ঘটনায় ২৭ এপ্রিল রাতেই তিনি ফতুল্লা মডেল থানায় জিডি করেছিলেন। এরপর নজরুলকে বহনকারী প্রাইভেট কারের চালক জাহাঙ্গীর হোসেনের ভাই আলমগীর হোসেন সাক্ষ্য দেন। মো. হাসেম নামের অন্য এক সাক্ষী অনুপস্থিত ছিলেন।
সবশেষে নিহত ব্যক্তিদের লাশের সঙ্গে বেঁধে রাখা ইটের বস্তা ও রশি জব্ধ তালিকার সাক্ষী স্থানীয় এলাকাবাসী ইব্রাহীম, ফকির চান ও ইবনে হাসান সাক্ষ্য দেন। সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষের সহায়ক হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় জবানবন্দি ও জেরায় উঠে এসেছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ দুটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।